Views Bangladesh Logo

পশ্চিমবঙ্গ থেকে পুশইনের ঘটনা ঘটলে ব‍্যবস্থা নেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল এবং এর ফলে সম্ভাব্য ‘পুশইন’ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে কোনো ধরনের পুশইনের ঘটনা ঘটলে বাংলাদেশ তার পাল্টা ব্যবস্থা নেবে।

মঙ্গলবার (৫ মে) সকালে ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রতিবেশী দেশে রাজনৈতিক পরিবর্তনের কারণে উদ্ভূত পরিস্থিতির ওপর বাংলাদেশ গভীর নজর রাখছে এবং সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করা হয়েছে।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন ও ভারতের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ কূটনৈতিক প্রতিশ্রুতি রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাসে প্রধানমন্ত্রী বন্ধুরাষ্ট্র চীন সফরে যেতে পারেন। বর্তমানে দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময় এবং শিডিউল সমন্বয় করে এই সফরের বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফরে অন্যতম প্রধান আলোচ্য বিষয় হিসেবে থাকবে ‘তিস্তা মহাপরিকল্পনা’। এই প্রকল্প বাস্তবায়নে চীনের সহযোগিতা এবং কারিগরি বিষয়গুলো বিস্তারিত আলোচনায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর দৃঢ় অঙ্গীকার রয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বৃহত্তর স্বার্থ ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করেই এসব চুক্তি করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ