সাইবার সুরক্ষা সূচকে রোল মডেলের তালিকায় বাংলাদেশ
দেশের আইসিটি খাতে এলো বৈশ্বিক সুসংবাদ। আর এই সুসংবাদটা হলো সাইবার সুরক্ষিত বিশ্বের সেরা ১০ শতাংশ দেশের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সাইবার সুরক্ষা সূচকের বিভিন্ন মানদণ্ডে হয়েছে রোল মডেলও।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) প্রকাশিত বৈশ্বিক সাইবার সুরক্ষা সূচক-২০২৪ প্রতিবেদনের পঞ্চম সংস্করণে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের কাতারে রয়েছে অস্ট্রেলিয়া, ইতালি, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, ফিনল্যান্ড, ব্রাজিল, ভারত, পাকিস্তান, জাপান ও সাউদি আরবের মতো ৩৬টি দেশ।
সূচক অনুযায়ী, মোট ১০০ নম্বরের মধ্যে ৯৫ নম্বর পেয়েছে বাংলাদেশ। এ ছাড়াও পাঁচটি ক্যাটাগরির তিনটিতেই বাংলাদেশ পেয়েছে পূর্ণ নম্বর। এগুলোর মধ্যে হলো-কারিগরি সক্ষমতা, সাংগঠনিক নৈপুন্যতা এবং সহযোগিতা ও সমন্বয়। বাকি দুই ক্যাটাগরির মধ্যে সক্ষমতা উন্নয়নে ২০ নম্বরে ১৯ দশমিক ৫২ এবং আইনি পদক্ষেপে ১৭ দশমিক ৪৪ নম্বর পেয়েছে বাংলাদেশ।
প্রসঙ্গত, দেশের এই সাইবার সুরক্ষার বিষয়টি দেখভাল করে বিজিডি ই-গভ সার্ট। সার্ট দলের প্রচেষ্টায় বাংলাদেশ আইটিইউ জিসিআই প্রতিবেদনের পঞ্চম সংস্করণে মধ্য অবস্থান থেকে শীর্ষে চলে এসেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে