Views Bangladesh Logo

ডেঙ্গুতে এক দিনে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩

দেশে ডেঙ্গুর প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৫৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭১ জনে। এ ছাড়া বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৬ হাজার ৯১৬ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের (সিটি করপোরেশন এলাকার বাইরে) বিভিন্ন হাসপাতালে। এ অঞ্চলে নতুন করে ৩৯৪ জন ভর্তি হয়েছেন। খুলনা বিভাগে ভর্তি হয়েছেন ৩৪৯ জন।

এ ছাড়া বরিশাল বিভাগে ১৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে ময়মনসিংহ বিভাগে ৮৩ জন, রংপুর বিভাগে ৫৩ জন এবং সিলেট বিভাগে নয়জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু পরিস্থিতির হালনাগাদ তথ্যে এসব পরিসংখ্যান জানানো হয়েছে। নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তির পাশাপাশি মৃত্যুর সংখ্যাও প্রতিদিন বাড়ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ