কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবে না বাংলাদেশ
কলকাতা বইমেলার পরে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও (কেআইএফএফ) বাংলাদেশের কোনো প্রতিনিধিত্ব থাকছে না। উৎসবের কোনো বিভাগে নিবন্ধিত হয়নি বাংলাদেশের কোনো ছবি।
আগামী ৪ ডিসেম্বর শুরু হচ্ছে কেআইএফএফের এবারের আসর।
কেআইএফএফ চেয়ারম্যান খ্যাতিমান পরিচালক গৌতম ঘোষ বৃহস্পতিবার (২১ নভেম্বর) জানান, বর্তমান পরিস্থিতিতে প্রতিবেশী দেশের কোনো চলচ্চিত্র তালিকায় নেই। চলচ্চিত্রপ্রেমিরা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে প্রথমবারের মতো বাংলাদেশি চলচ্চিত্রগুলো মিস করবেন।
পিটিআইকে তিনি বলেন, 'পরিস্থিতি আগের বছরের চেয়ে ভিন্ন। ভিসার সমস্যা আছে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলির কারণে বিষয়গুলো স্থির হতে সময় লাগবে'।
একই কারণে ২৮ বছরের মধ্যে প্রথমবারের মতো ৪৮তম কলকাতা বইমেলায় অন্তর্ভুক্ত হতে পারেননি বাংলাদেশি প্রকাশকরাও।
২০২২ সালে ২৮তম কেআইএফএফে বাংলাদেশি ছবি মুহম্মদ কাইয়ুমের 'কুড়া পাখির শূন্যে উড়া' আলেজান্দ্রা রোজাসের স্প্যানিশ চলচ্চিত্র জুয়ান সেবাস্তিয়ান ভাসকুয়েজের 'অন এন্ট্রি' এর সাথে সেরা চলচ্চিত্র হিসেবে রয়েল বেঙ্গল টাইগার গোল্ডেন মুকুট জিতেছে।
কেআইএফএফের একজন কর্মকর্তা জানান, বাংলাদেশি চলচ্চিত্র 'প্রিয় মালতি' এ বছর উৎসবের প্রতিযোগিতা বিভাগে অন্তর্ভুক্ত হতে পারেনি। কারণ, গোয়ায় চলমান ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এর এশিয়ান প্রিমিয়ার নির্ধারিত রয়েছে।
তিনি জানান, ভিসা সমস্যায় বিভিন্ন সেশন ও ওয়ার্কশপে প্যানেল আলোচক তালিকায় থাকছেন না চলচ্চিত্র নির্মাতাসহ বাংলাদেশের কোনো বিশিষ্ট ব্যক্তিও।
'আমরা আশাবাদী যে, পরের বছরের চলচ্চিত্র উৎসবটি হওয়ার সময় পরিস্থিতি আগের বছরগুলোর মতোই উন্নত হবে'- বলেছেন গৌতম ঘোষ, যিনি এর আগে 'পদ্মা নদী মাঝি' এবং 'মনের মানুষ'-এর মতো প্রশংসিত বাংলা চলচ্চিত্র তৈরি করেছেন। ভারত-বাংলাদেশ সীমান্তের উভয় প্রান্তে ছবিগুলোর শুটিংও করেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে