Views Bangladesh Logo

যৌথ সমৃদ্ধি ও শান্তির লক্ষ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার নতুন অঙ্গীকার

যৌথ সমৃদ্ধি, আঞ্চলিক শান্তি এবং আরও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ ও মালয়েশিয়া ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।

সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে অনুষ্ঠিত যৌথ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, শিক্ষা এবং জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে উভয় দেশই আন্তরিকভাবে কাজ করবে। একই সঙ্গে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এর আগে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকের আগে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। একান্ত বৈঠকের পর দুই দেশের প্রতিনিধিদলের অংশগ্রহণে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

বাংলাদেশের প্রতিনিধি দলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে অর্থনৈতিক ও শ্রমবাজারভিত্তিক সহযোগিতার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ