সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের দৌড়ে বাংলাদেশ
দক্ষিণ এশিয়ার শীর্ষ ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপ আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। দুইটি ভেন্যুতে টুর্নামেন্টটি আয়োজনের লক্ষ্যে ইতোমধ্যে আলোচনা চলছে।
সর্বশেষ ২০২৩ সালে ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এই আসরটি মূলত গত বছর শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল। তবে বিভিন্ন কারণে ২০২৫ সালের এপ্রিলে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন তা স্থগিত করে। পরবর্তীতে শ্রীলঙ্কা জানায়, তারা আর এই টুর্নামেন্ট আয়োজন করতে পারবে না।
এ অবস্থায় ফেডারেশন নতুন আয়োজক হিসেবে বাংলাদেশকে বিবেচনায় নিয়েছে। সম্ভাব্য সময়সূচি ধরা হয়েছে আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত।
এ বিষয়ে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে, ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং বসুন্ধরা কিংস এরিনাকে ভেন্যু হিসেবে ব্যবহারের বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি প্রথমবারের মতো টুর্নামেন্টে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি চালুর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল বলেন, বাংলাদেশের ফুটবলে সাম্প্রতিক অগ্রগতি দেশটির আয়োজক হওয়ার সম্ভাবনা বাড়িয়েছে। বিশেষ করে হামজা চৌধুরী ও শামিত শমের মতো খেলোয়াড়দের পারফরম্যান্স নতুন উদ্দীপনা তৈরি করেছে।
তিনি আরও জানান, স্পনসর ও মার্কেটিং অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে এবং চূড়ান্ত অনুমোদন পেতে নির্বাহী কমিটির সিদ্ধান্ত এখনো বাকি রয়েছে।
উল্লেখ্য, এর আগে তিনবার সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছে বাংলাদেশ। ২০০৩ সালে নিজেদের মাটিতে শিরোপা জিতেছিল বাংলাদেশ, ২০০৯ সালে উঠেছিল সেমিফাইনালে এবং সর্বশেষ ২০১৮ সালে আয়োজক হয়েও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে