প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে চুক্তি করল বাংলাদেশ–জাপান
প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত একটি দ্বিপক্ষীয় চুক্তি সই করেছে বাংলাদেশ ও জাপান। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে সই করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। জাপানের পক্ষে সই করেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত সাইদা শিনিচি।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তি সইয়ের দিন থেকেই এটি কার্যকর হয়েছে।
এই চুক্তির মাধ্যমে দুই দেশের সরকারের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরের জন্য একটি সুস্পষ্ট আইনি কাঠামো তৈরি হলো। যৌথভাবে নির্ধারিত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে—বিশেষ করে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় অবদান রাখে এমন উদ্যোগে—এই সরঞ্জাম ও প্রযুক্তি ব্যবহার করা যাবে।
চুক্তিতে প্রতিটি হস্তান্তরের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন ও যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি হস্তান্তরিত প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির যথাযথ ও নির্ধারিত ব্যবহারের নিশ্চয়তা দিতে মৌলিক নীতিমালাও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ ছাড়া তৃতীয় কোনো পক্ষের কাছে এসব সরঞ্জাম বা প্রযুক্তি হস্তান্তর কিংবা নির্ধারিত উদ্দেশ্যের বাইরে ব্যবহার রোধে প্রয়োজনীয় নিয়ন্ত্রণব্যবস্থার কথাও চুক্তিতে উল্লেখ রয়েছে।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি খাতে সহযোগিতা আরও জোরদার হবে। একই সঙ্গে এটি জাপানের প্রতিরক্ষা শিল্পের উৎপাদন সক্ষমতা ও প্রযুক্তিগত উন্নয়ন বজায় রাখতে সহায়ক হবে, যা দেশটির সামগ্রিক নিরাপত্তা জোরদারেও ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে