আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলাদেশে জামাতিদের অস্বস্তি বেড়ে গেছে: শুভেন্দু অধিকারী
ভারতের পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর সীমান্ত নিরাপত্তা এবং অবৈধ অনুপ্রবেশ রোধে আবারও কঠোর বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। সোমবার (১৮ মে) সন্ধ্যায় কলকাতার ভবানীপুর ও ক্যামাক স্ট্রিটে আয়োজিত এক ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো এবং রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে এই হুঁশিয়ারি দেন।
সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন শুভেন্দু অধিকারী। বিপুল ভোটে এই জয়ের পর ভোটারদের ধন্যবাদ জানাতেই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতাকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, তাঁর সরকার সীমান্ত সুরক্ষিত করবে। একই সঙ্গে ভারতের অভ্যন্তরে থাকা অ-ভারতীয় নাগরিকদের চিহ্নিত করে যে পথ দিয়ে তারা প্রবেশ করেছে, সেই পথেই বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
শুভেন্দু অধিকারী দাবি করেন, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দল—তৃণমূল কংগ্রেস, সিপিআই(এম) কিংবা কংগ্রেসের চেয়েও বেশি 'অস্বস্তি' বেড়েছে বাংলাদেশের জামায়াত সমর্থকদের মনে।
নিজেকে সাধারণ মানুষের 'ভাই' হিসেবে উল্লেখ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, কোনো ভয়ে মাথা নত করার মানুষ নন তিনি। তিনি নিশ্চিত করেন, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার নির্বাচনী সব প্রতিশ্রুতি পূরণ করবে। রাজ্যের পাশাপাশি দেশের নিরাপত্তা নিশ্চিত করা তাঁর সরকারের মূল লক্ষ্য।
শুভেন্দু অধিকারী আরও দাবি করেন, ইতিমধ্যে ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া হয়েছে এবং এখন তাদের বিতাড়নের সময় এসেছে।
এর আগে নিজের প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছিলেন, সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফের কাছে হস্তান্তর করা হবে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে