অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম: রিজভী
অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে। সরকার জ্বালানিতে ভর্তুকি দিচ্ছে। মূল্য সমন্বয়ের পরও লোকসান গুনতে হচ্ছে। প্রতি লিটার ডিজেল ২৫০ টাকায় কিনতে হয় এবং দাম সমন্বয়ের পরও প্রতি লিটারে ৭০ টাকা লোকসান হবে বলে দাবি করেন তিনি। জ্বালানি সংকট নিরসনে সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে বলেও জানান রিজভী।
তিনি বলেন, দেশে অস্থিতিশীলতা তৈরির জন্য কৃত্রিমভাবে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে এবং এর সঙ্গে ‘পতিত স্বৈরাচার’-এর যোগসাজশ থাকতে পারে। এ বিষয়ে দেশবাসী ও দলের সমর্থকেরা ওয়াকিবহাল বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, সামাজিক উন্নয়ন কর্মসূচিসহ জনকল্যাণমূলক পদক্ষেপ ভিন্ন খাতে নেওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। জ্বালানি সংকট নিরসনে বিরোধীদের কাছ থেকেও সমাধান প্রত্যাশা করেন তারা। লংমার্চে বিএনপিসহ সরকারের বিরুদ্ধে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। জনগণের স্বার্থে নেওয়া উদ্যোগকে কেউ কেউ ব্যঙ্গ করছেন বলেও অভিযোগ করেন রিজভী।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, ‘ফ্যাসিবাদের’ যারা দোসর, তারা প্রশাসনের মধ্যে থেকে অন্তর্ঘাতের চেষ্টা করছে। গোপন কক্ষে ‘পরাজিত শক্তির’ সঙ্গে কেউ হাত মিলিয়েছে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।
মতামত দিন