Views Bangladesh Logo

“বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে”—ফিফার পোস্টে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বাংলাদেশের মানুষের আবেগ ও উন্মাদনাকে নতুন করে স্বীকৃতি দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের ফুটবলভক্তদের বিভিন্ন মুহূর্তের ছবি প্রকাশ করে সংস্থাটি ফুটবলপ্রেমের এই অনন্য সংস্কৃতিকে তুলে ধরেছে।

২০ জুন প্রকাশিত ওই পোস্টে ফিফা বলেছে, “বাংলাদেশ শুধু বিশ্বকাপ দেখে না; বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে।” এই মন্তব্য ঘিরে আবারও আলোচনায় এসেছে বাংলাদেশের ফুটবল-উন্মাদনা।

ফিফার পোস্টে থাকা ছবিগুলোতে বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের ভিন্ন ভিন্ন দৃশ্য উঠে এসেছে। কোথাও দেখা গেছে প্রিয় দলের জার্সি গায়ে ভক্তদের উচ্ছ্বাস, কোথাও বাড়ির ছাদে বিশাল পতাকা উড়ছে, আবার কোথাও দেয়ালে আঁকা রঙিন আলপনা। বড় পর্দায় একসঙ্গে হাজারো মানুষের খেলা দেখার মুহূর্তও জায়গা পেয়েছে ওই সংগ্রহে।

লাল-সবুজের প্রতিনিধিত্ব আন্তর্জাতিক বিশ্বকাপে না থাকলেও বাংলাদেশের ফুটবলভক্তদের উপস্থিতি বরাবরই নজর কাড়ে বিশ্বজুড়ে। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতি ঐতিহ্যগত সমর্থনের পাশাপাশি সাম্প্রতিক সময়ে পর্তুগাল, জার্মানি, স্পেন ও ফ্রান্সের মতো দলের প্রতিও আগ্রহ বাড়ছে।

ফিফা তাদের পোস্টে বাংলাদেশের এই ফুটবল-উৎসবকে শুধু খেলা নয়, বরং একটি সামাজিক সংস্কৃতির অংশ হিসেবে বর্ণনা করেছে। সংস্থাটির মতে, ফুটবল এখানে কেবল বিনোদন নয়- এটি মানুষের আবেগ, একতা এবং উৎসবের মাধ্যম।

বিশ্বকাপের সময় বিশ্বের নানা প্রান্তে ফুটবলের উত্তাপ ছড়ালেও বাংলাদেশের ফুটবল উন্মাদনা আলাদা করে নজর কাড়ে আন্তর্জাতিক গণমাধ্যমেরও। ফিফার এই সাম্প্রতিক স্বীকৃতি আবারও প্রমাণ করল, ফুটবল বাংলাদেশের মানুষের কাছে কেবল একটি খেলা নয়- এটি জীবনেরই অংশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ