গঙ্গা পানি চুক্তি নিয়ে বৈঠক করতে ভারতে যাচ্ছে বাংলাদেশ প্রতিনিধি দল
গঙ্গা পানি চুক্তি নবায়ন নিয়ে আলোচনার জন্য ১১ সদস্যের একটি প্রতিনিধি দলকে ভারতে পাঠাচ্ছে সরকার। এই চুক্তির মেয়াদ ২০২৬ সালে শেষ হবে।
যৌথ নদী কমিশনের (জেআরসি) সদস্য মুহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে এই প্রতিনিধি দলটি ৩ মার্চ (সোমবার) কলকাতায় পৌঁছাবে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, তারা সেদিনই ফারাক্কায় গঙ্গা নদীর যৌথ পর্যবেক্ষণ স্থানে দুই দিনের সফরে যাবে এবং ৫ মার্চ সকাল পর্যন্ত সেখানে অবস্থান করবে।
পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি কলকাতায় ফিরে আসবে এবং ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের (জেআরসি) আওতায় ৬-৭ মার্চ ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবে তারা।
আবুল হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, সীমান্তবর্তী নদী-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশন সাধারণত বছরে একবার বৈঠক করে।
ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ৫৪টি নদী ভাগাভাগি করে ব্যবহার করে ভারত ও বাংলাদেশ। সীমান্তবর্তী নদীগুলোর পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সমাধানের জন্য একটি দ্বিপাক্ষিক প্রক্রিয়া হিসেবে ১৯৭২ সালে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন গঠন করা হয়।
গঙ্গা পানি চুক্তি ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচডি দেবে গৌড়া এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক সপ্তাহ আগে অর্থাৎ গত বছরের জুনে শেখ হাসিনার সর্বশেষ ভারত সফরের সময় দুই দেশ ১৯৯৬ সালের চুক্তি নবায়নের জন্য কারিগরি আলোচনা শুরুর ঘোষণা দিয়েছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে