Views Bangladesh Logo

জাতিসংঘের এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশ

জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএন এসক্যাপ) আয়োজিত বৈশ্বিক এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল 'zAI BD'। গত ১৫ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘ সম্মেলনকেন্দ্রে প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়।

দলটির নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) ইনোভেশন ম্যানেজার ও এআই প্রকৌশলী আবু নাসের মুহাম্মদ নাফিউ। ফাইনালে যুক্তরাষ্ট্র, চীন, সিঙ্গাপুর, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার দলকে পেছনে ফেলে শীর্ষস্থান অর্জন করে বাংলাদেশ।

পাঁচ মাসের প্রতিযোগিতা, শেষ ব্যাংককে

প্রতিযোগিতার নাম 'গ্লোবাল হ্যাকাথন অন ইউজিং এআই ফর ডিজিটাল ট্রেড রেগুলেটরি অ্যানালাইসিস'। এর লক্ষ্য ছিল এমন ওপেন-সোর্স এআই টুল তৈরি করা, যা বিভিন্ন দেশের ডিজিটাল বাণিজ্যসংক্রান্ত আইন খুঁজে বের করে বিশ্লেষণ করতে পারে। এসক্যাপের আঞ্চলিক ডিজিটাল বাণিজ্য সমন্বয় সূচক (আরডিটিআইআই) তৈরিতে এ ধরনের আইনি তথ্য ব্যবহৃত হয়।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৩৭টি দেশের কয়েকশ দল প্রায় পাঁচ মাসের কয়েক ধাপের বাছাইপর্বে অংশ নেয়। পাঁচ দেশের দলের সঙ্গে ফাইনালে ওঠে বাংলাদেশ।

ফাইনাল হয় ১৫ অক্টোবর ব্যাংককের জাতিসংঘ সম্মেলনকেন্দ্রে, সশরীরে ও অনলাইনে, দুভাবেই। আয়োজনে ছিল এসক্যাপের বাণিজ্য, বিনিয়োগ ও উদ্ভাবন বিভাগ। আগে থেকে জানানো হয়নি এমন একটি দেশ ও বিষয় দিয়ে প্রতিটি দলের প্ল্যাটফর্ম পরীক্ষা করা হয়। বিচারকেরা নিজেরা প্ল্যাটফর্ম ব্যবহার করে দেখেন, এরপর উপস্থাপনা ও প্রশ্নোত্তর পর্ব হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ