বিদ্যুৎ প্রতিমন্ত্রী-চীনের রাষ্ট্রদূত সৌজন্য স্বাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে আজ সোমবার (৪ মার্চ) তাঁর দপ্তরে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন। এ সময় তাঁরা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত, প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের সাথে চীনের সহযোগিতা উত্তরোত্তর বাড়ছে। আগামী পাঁচ বছরে বাংলাদেশ আরো সমৃদ্ধি, শক্তিশালী ও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় চীনের অর্থায়নে প্রকল্পসমূহ, লিথিয়াম ব্যাটারি কারখানা স্থাপন, সেমি কন্ডাক্টর কারখানা স্থাপন, ইলেক্ট্রিক ভেহিক্যাল, ব্যাটারি স্টোরেজ সিস্টেম, স্মার্ট মিটার, সোলার বিদ্যুৎ প্রকল্প, বায়ু বিদ্যুৎ প্রকল্প, বর্জ্য থেকে বিদ্যুৎ, গ্যাস উত্তোলন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়।
অন্যদিকে প্রতিমন্ত্রী, রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, চীন, বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রসারে চীনের কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
তিনি বলেন, “আমরা চীনকে আমাদের পাশে আরো বড় আকারে দেখতে চাই। আগামী পাঁচ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন।”
এ সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিনিয়োগের খাতগুলো উল্লেখ করে, বিনিয়োগের ক্ষেত্র বাড়াতে একটি বিশেষায়িত দল গঠন করার পরামর্শ দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে