রিজার্ভ শক্তিশালী করতে আরও ২ কোটি ৫০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী করতে বাজার থেকে ডলার সংগ্রহ কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক। রিজার্ভের অবস্থান স্বস্তিদায়ক রাখতে এবং বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক নিয়মিতভাবে ডলার কিনে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (১৩ মে) নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে আরও ২৫ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ২ কোটি ৫০ লাখ ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান ডলার কেনার এই তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে প্রবাসী আয় ও রপ্তানি আয়ে ইতিবাচক প্রবাহ থাকায় বাজারে ডলারের সরবরাহ কিছুটা বেড়েছে। এই পরিস্থিতিতে অতিরিক্ত ডলার বাজার থেকে তুলে নিয়ে রিজার্ভ শক্তিশালী করার কৌশল নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অর্থনীতিবিদদের মতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী থাকলে আমদানি ব্যয় মেটানো, বিদেশি ঋণের কিস্তি পরিশোধ এবং আন্তর্জাতিক লেনদেনে দেশের সক্ষমতা বাড়ে। তাই বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে বাংলাদেশ ব্যাংকের ডলার কেনার এই ধারা আগামী দিনেও অব্যাহত থাকতে পারে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, এদিন দু’টি বাণিজ্যিক ব্যাংক নিলামে অংশ নিয়ে ডলার বিক্রির প্রস্তাব দেয়। যাচাই-বাছাই শেষে বাংলাদেশ ব্যাংক ১২২ টাকা ৭৫ পয়সা কাটঅফ মূল্যে ওই ব্যাংকগুলো থেকে ২ কোটি ৫০ লাখ ডলার সংগ্রহ করে।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি মে মাসে এ পর্যন্ত কয়েক দফায় নিলামের মাধ্যমে মোট ১৭ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। আর সবমিলিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত বাজার থেকে মোট ৫৮৪ কোটি ৩৫ লাখ বা ৫ দশমিক ৮৪ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
সংশ্লিষ্টরা বলছেন, বাজারের তারল্য পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের পতন ঠেকিয়ে তা একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে নিয়মিত ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহ ইতিবাচক থাকায় বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে এখন ডলারের পর্যাপ্ত জোগান রয়েছে, যা রিজার্ভ পুনর্গঠনে সহায়তা করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে