Views Bangladesh Logo

ভয়াবহ বন্যায় অচল ব্যাংকক, ৫০ জেলায় জরুরি অবস্থা জারি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০ জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে ৩০০ মিলিমিটারের (১২ ইঞ্চি) বেশি বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিবিসির খবরে জানানো হয়।

ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসন জানিয়েছে, রবিবার (২৭ সেপ্টেম্বর) বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও শহরের খালগুলো বৃষ্টির পানিতে কানায় কানায় পূর্ণ হয়ে আছে। ব্যাংককের গভর্নর সতর্ক করে বলেছেন, বন্যা ঝুঁকি এখনো কাটেনি।

এএফপি জানায়, ব্যাংককের গভর্নর চাডচার্ট সিট্টিপুন্ট শনিবার নিশ্চিত করেছেন যে, বন্যায় শহরের পূর্বাঞ্চলীয় এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পরিস্থিতি বর্ণনায় গভর্নর বলেন, ‘এখনও বৃষ্টি অব্যাহত রয়েছে এবং আমরা সাধ্যমতো চেষ্টা চালাচ্ছি। সেচ পাম্প দিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা করা হলেও খালগুলো কানায় কানায় পূর্ণ হয়ে থাকায় পানি সরছে না। খালপাড়ের বাসিন্দারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।’

বর্ষা মৌসুমে থাইল্যান্ডে বজ্রঝড় স্বাভাবিক হলেও সাম্প্রতিক এই রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত রাজধানীর ড্রেনেজ ব্যবস্থাকে পুরোপুরি অকার্যকর করে দিয়েছে। ফলে স্বাভাবিক সময়ে তীব্র যানজটের জন্য পরিচিত এই মেগাসিটির সড়ক যোগাযোগ সম্পূর্ণ অচল হয়ে পড়েছে।

থাই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহজুড়ে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে অতিবৃষ্টির জন্য দায়ী নিম্নচাপটি ধীরে ধীরে মধ্য থাইল্যান্ডের দিকে সরে যাচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ব্যাংককের ৫০টি প্রশাসনিক জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

এমন উদ্ভুত পরিস্থিতিতে নগরীর অনেক বাসিন্দার দাবি, বর্তমান পরিস্থিতি ২০১১ সালের বন্যার চেয়েও খারাপ বলে মনে হচ্ছে। ওই বছর সারাদেশে বিধ্বংসী বন্যায় ব্যাংককও ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রায় তিন মাস স্থায়ী সেই দুর্যোগে থাইল্যান্ডজুড়ে শত শত মানুষ প্রাণ হারান।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ