Views Bangladesh Logo

ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মুক্তি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল

রাজধানীর গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বহিষ্কৃত জেলা কমিটির সদস্য বি এম কবিরুল হক মুক্তি (৫৫) এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি ও আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য মো. মোজাম্মেল হককে (৬৭) ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তাদের দশ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানান মামলাটির তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার এসআই মো. আব্দুস সালাম। এ আবেদনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। অন্যদিকে জামিনের আবেদন ও রিমান্ড নামঞ্জুরের আরজি জানান আসামিপক্ষের আইনজীবীরা। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর ও ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ’র আদালত।

রিমান্ডের আবেদনে বলা হয়েছে, কবিরুল হক মুক্তি ও মোজাম্মেল হক বিভিন্ন অনলাইন গ্রুপে যুক্ত। এসব গ্রুপে তারা রাষ্ট্রকে অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে উসকানিমূলক প্রচার ও প্রচারণা চালান। তাদের কাছ থেকে আরও তথ্য পেতে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ১২ সেপ্টেম্বর দুপুরে গুলশানের ডা. ফজলে রাব্বী পার্কের পাশে মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা ব্যানার হাতে রাষ্ট্রকে অস্থিতিশীলসহ তাদের কার্যক্রমকে গতিশীল করতে উসকানিমূলক স্লোগান দেন এবং রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুরের চেষ্টা ও জনমনে ভীতির সঞ্চার করেন।

পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পাঁচজনকে গ্রেপ্তার ও তাদের মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ মোবাইল ফোনগুলোতে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে বিভিন্ন গ্রুপ খুলে আসামিদের রাষ্ট্রকে অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংসের লক্ষ্যে সংগঠিত হতে বিভিন্ন প্রচার-প্রচারণা চালানোর তথ্য দেখতে পায়।

এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন গুলশান থানার এসআই মাহাবুব হোসাইন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মোজাম্মেল হককে গুলশান ১ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান, মোজাম্মেল হক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন মাধ্যমে আর্থিক সহায়তা করেছেন। বিভিন্ন কর্মসূচি দলীয় লোকজনের মাঝে প্রচারও করে আসছিলেন তিনি।

অন্যদিকে একই দিন রাতে গুলশানের নিকেতনের একটি গাড়ির ‘শোরুম’ থেকে কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে নড়াইল ও ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার ঘটনায় কয়েকটি এবং বিস্ফোরক আইনে কয়েকটি মামলা রয়েছে বলে জানান উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে আওয়ামী লীগ বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন কবিরুল হক মুক্তি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ