বেইলি রোডের আগুন কেড়ে নিল বাকপ্রতিবন্ধী বাবার মেধাবী সন্তান
ঢাকার বেইলি রোডের বাণিজ্যিক ভবনের আগুনে পুড়ে নিহত ৪৬ জনের তালিকায় রয়েছে বরিশালের মেধাবী ছাত্র নাহিয়ান আমিনের লাশ। সে ঢাকায় বুয়েটে পড়াশুনা করতো। কাচ্চি ভাই-য়ে বিরিয়ানি ঘরে খেতে যেয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন বলে জানা গেছে।
শুক্রবার বেলা ৩টায় তার মরদেহ বরিশালের ১৫ নং ওয়ার্ডের পলিটেকনিক রোডে আনা হলে কান্নার রোল পড়ে যায়। বাড়ির সামনের সড়কে আত্মীয় স্বজন ও মা-বোনের কান্নায় ভারী হয়ে ওঠে আশেপাশের এলাকা। বাক প্রতিবন্ধী বাবা রিয়াজুল আমিন বাবুর একমাত্র ছেলে নাহিয়ান বুয়েটে পড়াশুনার জন্য ঢাকায় অবস্থান করছিল। বেইলি রোডের কাচ্চি ভাই বিরিয়ানি খেতে যেয়ে লাশ হয়ে ফিরলেন বরিশালে। বাদ আছর নামাজের জানাজা আদায় শেষে মুসলিম গোরস্থানে তাঁকে সমাহিত করা৷ হবে। নিহত নাহিয়ান একবোন, বাবা-মা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তবে বাক প্রতিবন্ধী বাবার জন্য রেখে গেছেন পাহাড়সম কষ্টের বোঝা।
বরিশাল জিলা স্কুলের ছাত্র নাহিয়ান অত্যন্ত মেধাবী ছিলেন জানিয়ে তার প্রতিবেশী ও জিলা স্কুলের শিক্ষক মিজানুর রহমান বলেন, নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে নাহিয়ান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এ পড়াশুনার সুযোগ অর্জন করে বলে জানান এই শিক্ষক। তিনি খাবারের জায়গাগুলো নিরাপদ রাখার দাবি জানান সরকারের কাছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে