Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা: গ্রেপ্তার বাইকচালকের জামিন নামঞ্জুর

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার বাইকচালক মুহিবুল্লাহ মুবিনের জামিন আবেদন খারিজ করেছেন আদালত। ফলে মামলার কার্যক্রম চলাকালে তাকে কারাগারেই থাকতে হচ্ছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম উভয় পক্ষের বক্তব্য শুনে জামিনের আবেদন নামঞ্জুর করেন। আদালতে মুবিনের পক্ষে শুনানি করেন আইনজীবী রবিউল আলম জুয়েল।

শুনানিতে মুবিনের আইনজীবী দাবি করেন, তার মক্কেলের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা নাশকতার পরিকল্পনা ছিল না। প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলার আগ্রহ থেকেই আবেগের বশে তিনি নিরাপত্তা এলাকায় ঢোকার চেষ্টা করেছিলেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেও তার কাছ থেকে মামলার সঙ্গে সংশ্লিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি দাবি করে তাকে যেকোনো শর্তে জামিন দেওয়ার আবেদন করেন তিনি।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত মুবিনের জামিন আবেদন প্রত্যাখ্যান করেন।

মামলার নথি থেকে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে তেজগাঁও থানার মনিপুরীপাড়ায় কেআইবি অডিটোরিয়ামের সামনে থেকে মুবিনকে আটক করা হয়। ওই সময় সেখানে ‘বিএনপির প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা চলছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানও অনুষ্ঠানে যোগ দিতে সেখানে প্রবেশ করছিলেন।

পুলিশের অভিযোগ, মুবিন কয়েকজন অজ্ঞাত ব্যক্তির সঙ্গে যোগসাজশ করে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত করা, সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং অনুষ্ঠানটি বানচালের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। পরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সহায়তায় তাকে আটক করা হয়। তার সঙ্গে থাকা অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ