Views Bangladesh Logo

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের জামিন নামঞ্জুর

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহীনের করা জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে দুই দফায় মোট সাত দিনের রিমান্ড শেষে বুধবার রাকিবুল হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. জেহাদ হোসেন রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন।

গত ২৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে রাকিবুল হাসানকে আদালতে হাজির করা হয়। ওইদিন তার সাত দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে মামলাটি ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসান ফেসবুকে এক অজ্ঞাতনামা ব্যক্তির সঙ্গে কথোপকথনের একটি অডিও ক্লিপে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক ও উসকানিমূলক মন্তব্য করেন। অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ঘটনার পর তাকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে অব্যাহতি দিয়ে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ক্যান্টনমেন্ট থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ