Views Bangladesh Logo

থানায় হামলার অভিযোগ নিয়ে এলেও পুলিশি সহায়তা নিলেন না আয়াস

রাষ্ট্র সংলাপ ফোরামের (এসডিএফ) সদস্যসচিব এ এন এম আয়াস ময়মনসিংহের ভালুকা মডেল থানায় গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন। তবে পুলিশি সহায়তার প্রস্তাব দেওয়া হলেও তা নেননি তিনি।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, রোববার ঢাকায় ফোন করে আয়াস নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর থানার পক্ষ থেকে টহল জোরদার করা হয়। এর মধ্যেই সন্ধ্যায় আয়াস নিজেই থানায় এসে তাঁর ওপর হামলার অভিযোগ করেন।

ওসি বলেন, থানায় এসে পানি পান করার পর প্রায় ১০ মিনিট অবস্থান করে একাই বেরিয়ে যান আয়াস। এ সময় পুলিশি সহায়তা দেওয়ার প্রস্তাব করা হলে তিনি বলেন, ‘বাইরে আমার লোক আছে।’

থানায় দেওয়া মৌখিক অভিযোগে আয়াস বলেন, রোববার দুপুরে সংগঠনের কাজে ভালুকায় গেলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী তাঁর ওপর হামলা চালান। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করেন এবং একপর্যায়ে একটি মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করেন বলেও অভিযোগ করেন তিনি।

সোমবার সকালে আয়াস বলেন, হামলার ঘটনায় ওই দিনই থানায় লিখিত অভিযোগ করবেন।

এদিকে এসডিএফের কেন্দ্রীয় নেতা শাহ আল বাদশা দাবি করেছেন, হামলার পর আয়াস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশ-বিদেশ থেকে ফোনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এর আগে গত ১৫ আগস্ট রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়ির সামনে কয়েকজনকে মারধরের ঘটনায় আয়াসের নেতৃত্বে একদল জনতা জড়িত থাকার অভিযোগ ওঠে। ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া, মুঠোফোনে ভিডিও ধারণ ও শিঙাড়া বিতরণের অভিযোগে কয়েকজনকে মারধর করা হয়। ওই ঘটনায় দুজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ