শিশু আয়ানের মৃত্যুর তদন্ত প্রতিবেদন দিতে হবে রোববার
শিশু আয়ানের মৃত্যু ও তার পরিবারকে ক্ষতিপূরণের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর প্রতিবেদন হাইকোর্টে জমা দেয়নি। বৃহস্পতিবার নির্ধারিত দিনে এই প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত তদন্ত প্রতিবেদন জমা ও আদেশের জন্য আগামী রোববার নতুন দিন ধার্য করেছেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লার হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন।
ইউনাইটেড মেডিকেল কলেজে চিকিৎসায় গুরুতর অবহেলায় আয়ানের মৃত্যুর অভিযোগে শিশুর পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে জারি করা রুল ও আয়ানের মৃত্যুর ঘটনা অনুসন্ধান করার নির্দেশনার বিষয়ে হাইকোর্টে শুনানির কথা ছিল বৃহস্পতিবার। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্তের কোনো অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা না দেওয়ায় এ বিষয়ে শুনানি হয়নি। বিষয়টি ভিউজ বাংলাদেশকে নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ মাসুম।
এর আগে চিকিৎসায় গুরুতর অবহেলায় আয়ানের মৃত্যুতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে শিশুটির পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
এছাড়া হাসপাতালে সুন্নতে খতনা করে এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকার পর আয়ান নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা কীভাবে, কোন কারণে ঘটেছে তা যথাযথ অনুসন্ধান করার নির্দেশ দেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) প্রতিবেদন দিতে বলা হয়। মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের অবহেলা পেলে ব্যবস্থা গ্রহণের জন্যও বলেন হাইকোর্ট। শিশুর বাবা শামীম আহমেদের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৫ জানুয়ারি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লার হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন।
এরও আগে জনস্বার্থে স্বপ্রণোদিত হয়ে ৯ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ বি এম শাহজাহান আকন্দ মাসুম রিটটি করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে