Views Bangladesh Logo

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগের সুবর্ণা ঠাকুর

১৩তম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপি প্রার্থীদের নাম ঘোষণা করেছে। ঘোষিত তালিকা রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে, কারণ এতে অনেক হেভিওয়েট নেতা বাদ পড়েছেন। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করেছে একটি খবর—গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুর (শিকদার) বিএনপির মনোনয়ন পেয়েছেন বলে দাবি করা হচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করেন। সেই তালিকায় তার নামও রয়েছে বলে জানা গেছে।

মনোনয়ন ঘোষণার পরই সুবর্ণা ঠাকুরকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন কমিটির একটি তালিকাও ছড়িয়ে পড়ে, যেখানে তাকে ২৭ নম্বরে বন ও পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ নভেম্বর কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২০২৩ সালের ১ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়, যেখানে সুবর্ণা ঠাকুরের নাম ২৭ নম্বরে ছিল।

এছাড়া সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি আওয়ামী লীগের প্রতীকযুক্ত মনোনয়ন ফরম হাতে নিয়ে বলছেন, প্রধানমন্ত্রী তাকে মনোনয়ন দেবেন যাতে তিনি মানবকল্যাণে কাজ করতে পারেন। তিনি আরও দাবি করেন, তিনি জন্ম থেকেই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চান।

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কয়েকজন স্থানীয় বিএনপি নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দীর্ঘদিনের ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের মূল্যায়ন করা উচিত ছিল। অন্য দল থেকে সরাসরি মনোনয়ন পাওয়ায় তারা হতাশা প্রকাশ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ