Views Bangladesh Logo

হাটহাজারীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মধ্যম মাদার্শা গ্রামের নবাব চান্দের নতুন বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় পাঁচটি ঘর ভাঙচুর এবং দুটি ঘরে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এ সময় একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, হামলার পর ক্ষতিগ্রস্ত পরিবারের পাঁচ সদস্যকে আটক করে পুলিশ। পরিবারের দাবি, আটক ব্যক্তিরা সবাই হামলার শিকার বাড়িগুলোর বাসিন্দা।

পুলিশ বলছে, বিএনপি ও আওয়ামী লীগের অনুসারীদের মধ্যে সংঘর্ষে দুই পক্ষের মোট পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।

হামলার শিকার পরিবারগুলোর অভিযোগ, স্থানীয় বিএনপির নেতৃত্বে বহিরাগতরা মিছিল নিয়ে এসে তাদের বাড়িতে হামলা চালায়। অন্যদিকে বিএনপি নেতাদের দাবি, ওই এলাকায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের দলের লোকজনের ওপর হামলা করেছেন।

স্থানীয়দের ভাষ্য, শুক্রবার সন্ধ্যার দিকে একটি মিছিল নিয়ে একদল লোক বাড়িটিতে অতর্কিত হামলা চালায়। এ সময় বাড়ির কয়েকটি ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলাকারীরা স্থানীয় সেলিম উদ্দিন, তাজ উদ্দিন নবাব, আকবর হোসেন, শেখ বাবর, আরিফ ও আরমান আহমেদের বাড়িতে ভাঙচুর চালায়।

ক্ষতিগ্রস্ত সেলিম উদ্দিন বলেন, ঘটনার সময় তারা বাড়িতে ছিলেন না। বাড়িতে পরিবারের শিশু, কম বয়সী পুরুষ, নারী ও বৃদ্ধরা ছিলেন। গত প্রায় এক মাস ধরে তাদের বাড়িতে হামলার চেষ্টা চলছিল।

তিনি বলেন, “শুক্রবার মাগরিবের নামাজের পরপর মিছিল নিয়ে এসে প্রায় দুইশ লোক হামলা চালায়। তাদের মধ্যে বেশিরভাগই বহিরাগত লোকজন। তারা পাঁচটি ঘর ভাঙচুর করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। আমাদের দুটি ঘরে আগুন দেয়।”

ঘটনার সময় পুলিশ উপস্থিত ছিল দাবি করে সেলিম উদ্দিন বলেন, “বাড়িতে হামলার পর উল্টো বাড়ির বাসিন্দা পাঁচজনকে পুলিশ ধরে নিয়ে যায়।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে ক্ষতিগ্রস্ত ঘরগুলোর ভাঙচুরের চিত্র দেখা যায়। ভিডিওতে আলমারি খোলা, টেলিভিশন ভাঙা এবং জানালা-দরজা ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গেছে। ঘরের কাপড়চোপড়সহ বিভিন্ন জিনিসপত্র মেঝেতে ছড়িয়ে ছিল।

এ বিষয়ে বিএনপি নেতা ও দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজাহান বাদশার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থানীয় এক নেতা বলেন, বাড়িটিতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছিল। খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা সেখানে গেলে তাদের ওপর হামলা করা হয়। এতে তাদের দলের কয়েকজনও আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

ঘটনার বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও দেখে ঘটনার বিষয়ে যাচাই-বাছাই করতে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে।

তিনি বলেন, “স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের লোকজনের মধ্যে সংঘর্ষে দুই পক্ষের মোট পাঁচজন আহত হয়েছে।”

ভাঙচুরের সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল কি না, এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় হামলার অভিযোগে বিএনপির পক্ষ থেকে হাটহাজারী থানায় একটি মামলা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দারা থানায় অভিযোগ দিলে সে বিষয়েও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা কাজী মো. তারেক আজিজ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ