Views Bangladesh Logo

উল্টো পথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা দিলো পুলিশ

রাজধানীতে উল্টো পথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটে সার্কিট হাউজ রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ট্রাফিক বিভাগের এক শীর্ষ কর্মকর্তা।

পুলিশ জানায়, পতাকাবাহী একটি গাড়ি সার্কিট হাউজ সড়কের উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ গাড়িটিকে থামিয়ে দেয়। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫।

ট্রাফিক বিভাগের ওই কর্মকর্তা জানান, উল্টো পথে গাড়ি চালানো ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক আইনের লঙ্ঘন। এ ঘটনায় গাড়িটির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে দুটি মামলা করা হয়েছে। মামলাগুলোতে তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গাড়িটি বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের। ঘটনার সময় মন্ত্রী গাড়িটিতে ছিলেন।

ট্রাফিক কর্মকর্তারা জানান, মন্ত্রীর গাড়িটি যখন উল্টো পথে যাচ্ছিল, তখন পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর বহরও সচিবালয়ের দিকে যাচ্ছিল।

ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের দাবি, বাংলাদেশে কোনো মন্ত্রীর গাড়ি উল্টো পথে চলার অভিযোগে মামলা হওয়ার ঘটনা এটিই প্রথম। এর আগে যানজট এড়াতে বা দ্রুত গন্তব্যে পৌঁছাতে মন্ত্রীদের গাড়ি উল্টো পথে চলার ঘটনা গণমাধ্যমে এসেছে। তবে সেসব ঘটনায় মামলা হওয়ার নজির নেই।

মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়টি নিয়ে সচিবালয়ে আলোচনা তৈরি হয়েছে। সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী নিজেই ট্রাফিক আইন মেনে সচিবালয়ে যাওয়া-আসা করছেন। যানজটের মধ্যেও তার বহর ট্রাফিক সিগন্যাল মেনে চলছে। এমন পরিস্থিতিতে কোনো মন্ত্রী বা সচিবের গাড়ি উল্টো পথে চলার ঘটনায় মামলা হওয়া শীর্ষ কর্মকর্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ