স্বৈরাচারকে স্বৈরাচার দিয়ে মোকাবিলা করা যায় না: মান্না
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের প্রার্থী ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, স্বৈরাচারকে স্বৈরাচার দিয়ে মোকাবিলা করা যায় না; স্বৈরাচারকে মোকাবিলা করতে হলে গণতন্ত্রের পথেই এগোতে হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বন্দরে নিজের প্রতীক কেটলি মার্কার পক্ষে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, আমি অনেক দিন আওয়ামী লীগ করেছি। কিন্তু ছেড়ে এসেছি এই কারণে যে, আমি মনে করেছি আওয়ামী লীগ তার নীতিতে নেই। যদি আওয়ামী লীগ ভুল স্বীকার করে অনুতপ্ত হয় এবং আবার নীতিতে ফিরে আসে—তাহলে সবাইকে নিয়েই দেশ গড়ার যে কথা বলা হচ্ছে, তাতে আমি থাকতে পারি।
তিনি বলেন, বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যেও নীতিগত অবস্থানে দুর্বলতা দেখা যায়। তবে এসব কথা বলার উদ্দেশ্য সমালোচনা নয়। আমি তাদের সমালোচনা করতে চাই না। আমি তাদের বন্ধু হিসেবেই পেতে চাই। তাদের সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়নি।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার পরও সংশ্লিষ্ট দল নিজেদের দলের কাউকে প্রার্থী করেছে। এ বিষয়ে তার কোনো ক্ষোভ নেই উল্লেখ করে তিনি বলেন, এটা তাদের দলের ব্যাপার। তারা যা ইচ্ছা করতে পারে। কিন্তু আমার লড়াই আমি করব, সেটি ছাড়ব না।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ব্যক্তিগতভাবে তিনি কাউকে আক্রমণ বা সমালোচনা করতে চান না।
গণসংযোগ শেষে তিনি দেউলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রচারণা চালান। পরে সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলা সদরে নাগরিক ঐক্যের ডিজিটাল প্রচারণা গাড়ির উদ্বোধন করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া জেলা নাগরিক ঐক্যের নেতা পিয়াল রহমান, শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহীদুল ইসলাম, সদস্যসচিব এনামুল হক, পৌর কমিটির আহ্বায়ক রুহুল আমিন, মাহবুব মোরশেদ, যুব ঐক্যের নেতা অমিত হাসান প্রমুখ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে