বৈশাখী উৎসব ও অঙ্গীকার
বছর ঘুরে যখন আসে বৈশাখ, দিন-ক্ষণ-মাস ও বর্ষ গণনার সমাজ-প্রবর্তিত রীতি হিসেবেই, তবে তার তো রয়েছে প্রাকৃতিক মাত্রা। ঋতুচক্র ও পৃথিবীর সূর্য প্রদক্ষিণ পালা শেষ আমাদের জানিয়ে দেয় বৈশাখের তথা নতুন বছরের আগমনী বার্তা। সমাজবদ্ধ মানুষ জীবনের সঙ্গে বোঝাপড়া করে যে বিকাশ ঘটায়, তৈরি করে গোষ্ঠী-সম্প্রদায় ও জাতিগতভাবে, সেখানে খুঁজে পায় বিশিষ্টতা, জীবনের পথে চলবার বাড়তি প্রেরণা, অভিজ্ঞতা হালনাগাদ করার তাগিদ। সেই উৎসব যখন পালিত হয় সর্বজনীনভাবে, তখন তা হয়ে ওঠে শক্তি, ব্যক্তির সমাজের ও জাতির জন্য। প্রকৃতিজাত বৈশাখ তাই অনন্য ও বিকল্পহীন, ধারণ করে বিপুল শক্তি ও সম্ভাবনা। চিরায়ত এই উৎসব হতে পারে ক্রম প্রসারমান, আধুনিক এবং ভবিষ্যৎমুখী।
