যুগান্তকারী সিদ্ধান্ত বলবৎ করে বাংলাদেশের শিক্ষাঙ্গন রাহুমুক্ত করুন
ফেসবুকে দেখেছি, দক্ষিণ আফ্রিকার একটি বিমানবন্দরে ঢোকার মুখে দেয়ালের গায়ে নাকি লেখা আছে, একটি জাতিকে নষ্ট করতে চাইলে সে জাতির শিক্ষাব্যবস্থা নষ্ট করে দাও। আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ লেখক ফ্রেডারিক ডগলাস তার আত্মজীবনীতে লিখেছেন, তিনি যখন বালক ক্রীতদাস হিসেবে মি. অল্ড নামের একজন শ্বেতাঙ্গ লোকের বাসগৃহে থাকতেন, তার প্রতি সদয় হয়ে মিসেস অল্ড তাকে কিছু পড়ালেখা শেখানোর দায়িত্ব নেন। একদিন আঁড়ি পেতে ডগলাস শুনতে পান, মি. অল্ড তার স্ত্রীকে শাসাচ্ছেন কেন তিনি দাস ছেলেটিকে লেখাপড়া শেখাচ্ছেন, এর ফলে তো তার চোখ খুলে যাবে। মিসেস অল্ড স্বামীর কথায় বাধ্য হয়ে তাকে লেখাপড়া শেখানো বন্ধ করে দেন।
