Views Bangladesh Logo

স্পেনের সামনে অস্ট্রিয়ার চ্যালেঞ্জ, ইয়ামালকে থামানোর পরিকল্পনা রাংনিকের

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ শক্তিশালী স্পেনের মুখোমুখি হচ্ছে অস্ট্রিয়া। বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত ১টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

ফিফা র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা স্পেনকে টুর্নামেন্টের অন্যতম শিরোপাপ্রত্যাশী ধরা হচ্ছে। অন্যদিকে ২২তম স্থানে থাকা অস্ট্রিয়া ইউরোপের উদীয়মান শক্তি হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে।

গ্রুপ ‘জে’ থেকে নাটকীয়ভাবে শেষ ষোলো নিশ্চিত করে রালফ রাংনিকের দল। আলজেরিয়ার বিপক্ষে শেষ মুহূর্তে সমতাসূচক গোল করে তারা নকআউটে ওঠে। রাংনিকের হাই-প্রেসিং কৌশল দলটিকে আক্রমণে কার্যকর করে তুললেও রক্ষণভাগের দুর্বলতা এখনও তাদের বড় চিন্তার জায়গা। অন্যদিকে স্পেন পুরো টুর্নামেন্টজুড়েই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। বলের দখল, দ্রুত পাসিং এবং সংগঠিত আক্রমণে প্রতিপক্ষকে চাপে রাখাই তাদের সবচেয়ে বড় শক্তি। ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা টানা তিন বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ফুটবলে অপরাজিত থেকেছে, যা তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।

স্পেনের হয়ে নজর থাকবে লামিনে ইয়ামাল, পেদ্রি, মিকেল ওইয়ারসাবাল, রদ্রি ও দানি ওলমোর দিকে। অন্যদিকে অস্ট্রিয়ার ভরসা ডেভিড আলাবা, মার্সেল সাবিৎসার, মার্কো আরনাউটোভিচ, কনরাড লাইমার এবং ফিট থাকলে ক্রিস্টোফ বাউমগার্টনার।

ম্যাচের আগে অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক জানিয়েছেন, স্পেনের তরুণ সেনসেশন লামিনে ইয়ামালকে থামানোই হবে তাদের প্রধান লক্ষ্য। তার ভাষায়, ইয়ামালকে যত কম সময় ও জায়গা দেওয়া যাবে, স্পেনকে থামানোর সম্ভাবনাও তত বাড়বে।

শক্তি, অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরম্যান্সে স্পেন এগিয়ে থাকলেও নকআউট পর্বের ম্যাচে অস্ট্রিয়ার লড়াকু মানসিকতা এবং রাংনিকের কৌশল ম্যাচটিকে করে তুলতে পারে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

সম্ভাব্য একাদশ:
স্পেন (৪-৩-৩): সিমন; লোরেন্তে, কুবারসি, লাপোর্তে, কুকুরেয়া; পেদ্রি, রদ্রি, রুইস; ইয়ামাল, ওইয়ারসাবাল, বায়েনা।
অস্ট্রিয়া (৪-২-৩-১): শ্লাগার; পোশ, লিনহার্ট, আলাবা, মভেনে; সাইভাল্ড, শ্লাগার; লাইমার, সাবিৎসার, শ্মিড; আর্নাউতোভিচ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ