স্পেন এড়ানোর সমীকরণে অস্ট্রিয়া-আলজেরিয়া, ফিরবে কি ‘গিখনের কলঙ্কে’র স্মৃতি?
গ্রুপ ‘জে’-তে দুই ম্যাচ শেষে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এখন শেষ ষোলোয় দ্বিতীয় দল হিসেবে কারা যাবে, আর কারা তৃতীয় হবে— সেই সমীকরণই নির্ধারণ করবে অস্ট্রিয়া ও আলজেরিয়ার শেষ গ্রুপ ম্যাচের ভাগ্য। তবে লড়াইটি শুধু তিন পয়েন্টের নয়, ৪৪ বছর আগের এক বিতর্কিত ইতিহাসের প্রতিশোধেরও।
রোববার বাংলাদেশ সময় সকালে মুখোমুখি হবে অস্ট্রিয়া ও আলজেরিয়া। টুর্নামেন্টের সূচি অনুযায়ী, গ্রুপের রানার্সআপ দল শেষ বত্রিশে শক্তিশালী স্পেনের মুখোমুখি হবে। অন্যদিকে তৃতীয় স্থান অর্জনকারী দল খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন সুইজারল্যান্ডের বিপক্ষে। ফলে দুই দলের সামনেই রয়েছে কঠিন এক হিসাব-নিকাশ।
এই ম্যাচ ঘিরে ফিরে এসেছে ১৯৮২ সালের বিশ্বকাপের বহুল আলোচিত ‘গিখনের কলঙ্ক’। স্পেনের গিখনে অনুষ্ঠিত সেই ম্যাচে পশ্চিম জার্মানি ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর অস্ট্রিয়া ও পশ্চিম জার্মানির খেলোয়াড়রা কার্যত আক্রমণ বন্ধ করে শুধু বল আদান-প্রদান করেন। ওই ফলেই দুই দল পরের পর্বে উঠলেও বাদ পড়ে যায় আলজেরিয়া।
সেই বিশ্বকাপে আলজেরিয়া শুরুতেই তৎকালীন চ্যাম্পিয়ন পশ্চিম জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছিল। তবে অস্ট্রিয়ার কাছে ২-০ গোলে হারের পর শেষ ম্যাচে চিলিকে ৩-২ গোলে হারিয়েও শেষ পর্যন্ত বিদায় নিতে হয় তাদের। পশ্চিম জার্মানির এক গোলের জয়ই যথেষ্ট ছিল অস্ট্রিয়া ও জার্মানিকে পরের পর্বে তুলতে, আর সেটিই হয়েছিল।
ম্যাচটি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন দর্শকরা। গ্যালারি থেকে খেলোয়াড়দের দিকে নোট ছুড়ে মারা হয়েছিল, ধারাভাষ্যকাররা নীরব হয়ে গিয়েছিলেন, এমনকি স্পেনের একটি সংবাদপত্র ম্যাচের প্রতিবেদন ছেপেছিল অপরাধ পাতায়। এরপর থেকেই বিশ্বকাপের শেষ গ্রুপ পর্বের সব ম্যাচ একই সময়ে আয়োজনের নিয়ম চালু করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
চার দশকেরও বেশি সময় পর আবারও মুখোমুখি হচ্ছে এই দুই দল। এবারও এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে ড্র হলে দুই দলেরই সুবিধা হতে পারে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় অস্ট্রিয়া ড্র করলেই দ্বিতীয় স্থান ধরে রাখবে। আর আলজেরিয়া তৃতীয় হয়েই স্পেনকে এড়িয়ে যেতে পারবে।
তবে অস্ট্রিয়ার প্রধান কোচ রালফ রাংনিক কোনো ধরনের সমীকরণভিত্তিক ফুটবলের ইঙ্গিত উড়িয়ে দিয়েছেন। একইভাবে আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচও জানিয়েছেন, তাদের লক্ষ্য কেবল জয়, প্রতিপক্ষ এড়িয়ে চলা নয়।
সম্ভাব্য একাদশ
অস্ট্রিয়া: আলেক্সান্ডার শ্লাগার; স্টেফান পোশ, কেভিন ডানসো, ডেভিড আলাবা, কনরাড লাইমার; নিকোলাস সেওয়াল্ড, জাভের শ্লাগার, রোমানো শ্মিড; পল ভ্যানার, মার্সেল সাবিৎসার, মিখায়েল গ্রেগরিশ।
আলজেরিয়া: লুকা জিদান; রেদোয়ান বেলঘালি, আইসা মান্দি, রামি বেনসেবাইনি, রায়ান আইত-নুরি; হিশাম বুদাউই, রামিজ জেরুকি, ইব্রাহিম মাজা; রিয়াদ মাহরেজ, আমিন গুইরি, ফারেস শাইবি।
মতামত দিন