জ্বালানি সংকটে অস্ট্রেলিয়ায় ফ্রি গণপরিবহন চালু
জ্বালানির দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটের প্রভাব মোকাবিলায় অস্ট্রেলিয়ার কিছু অঙ্গরাজ্যে সাময়িকভাবে ফ্রি গণপরিবহন চালুর ঘোষণা দেওয়া হয়েছে।
দেশটির ভিক্টোরিয়া ও তাসমানিয়া অঙ্গরাজ্য এই উদ্যোগ নিয়েছে। রোববার (২৯ মার্চ) এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
মধ্যপ্রাচ্যে সংঘাত এবং তেলের সরবরাহ অনিশ্চয়তার কারণে অস্ট্রেলিয়ায় জ্বালানির দাম বেড়ে গেছে। অনেক জায়গায় জ্বালানি সংকটও দেখা দিয়েছে, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে।
এই পরিস্থিতিতে ভিক্টোরিয়া সরকার আগামী মঙ্গলবার থেকে এক মাসের জন্য গণপরিবহন ভাড়া সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে। এতে মানুষ ব্যক্তিগত গাড়ি কম ব্যবহার করে গণপরিবহনে আগ্রহী হবে বলে আশা করা হচ্ছে।
ভিক্টোরিয়ার প্রিমিয়ার জাসিন্তা অ্যালান বলেন, এই উদ্যোগের ফলে নিয়মিত যাত্রীরা এপ্রিল মাসে প্রায় ২২০ ডলার পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।
তিনি স্বীকার করেন, এই সাময়িক পদক্ষেপ পুরোপুরি জীবনযাত্রার ব্যয় সংকট সমাধান করবে না, তবে জ্বালানির ওপর চাপ কিছুটা কমাতে সহায়ক হবে।
সরকারের হিসাব অনুযায়ী, এই সিদ্ধান্ত বাস্তবায়নে ভিক্টোরিয়ার প্রায় ৭১ মিলিয়ন ডলার রাজস্ব ক্ষতি হতে পারে।
বিশ্লেষকদের মতে, জ্বালানি সংকট দীর্ঘস্থায়ী হলে অস্ট্রেলিয়ার অন্যান্য অঙ্গরাজ্যেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে