Views Bangladesh Logo

অস্ট্রেলিয়ায় প্রতি হেক্টরে কয়েক হাজার ইঁদুরের উপস্থিতি, ফসলের ক্ষতিতে বিপর্যস্ত কৃষকরা

অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ কৃষি অঞ্চলে ভয়াবহ ইঁদুরের উপদ্রবে নাজেহাল হয়ে পড়েছেন কৃষকরা। শস্যখেত থেকে শুরু করে বসতবাড়ি পর্যন্ত সর্বত্র ইঁদুরের দাপটে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে।

কৃষকদের অভিযোগ, ইঁদুর ফসলের বীজ ও শস্য খেয়ে ফেলায় পুনরায় বপন করতে হচ্ছে, যার ফলে বাড়তি ব্যয় গুনতে হচ্ছে লাখ লাখ ডলার। একই সঙ্গে ঘরবাড়ি ও গুদামঘরেও ইঁদুরের উৎপাত বেড়েছে।

পশ্চিম অস্ট্রেলিয়ার কৃষক জেফ কসগ্রোভ বলেন, গত ২৫ বছরের কৃষিজীবনে এমন ভয়াবহ পরিস্থিতি তিনি খুব কমই দেখেছেন। তার মতে, ২০২১ সালের ইঁদুরের উপদ্রবের চেয়েও এবারের পরিস্থিতি আরও খারাপ।

কৃষিবিদ ও কৃষক বেলিন্ডা ইস্টোর ধারণা, কিছু এলাকায় প্রতি হেক্টর জমিতে ৮ থেকে ১০ হাজার পর্যন্ত ইঁদুর রয়েছে। গত বছরের বাম্পার ফলন এবং অনুকূল আবহাওয়ার কারণে ইঁদুরের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন তিনি।

অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থার গবেষক স্টিভ হেনরি জানান, সাধারণত প্রতি হেক্টরে ৮০০ ইঁদুর থাকলেই সেটিকে মহামারি পর্যায়ের উপদ্রব ধরা হয়। কিন্তু বর্তমানে কিছু এলাকায় প্রতি হেক্টরে কয়েক হাজার ইঁদুরের উপস্থিতি পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, ইঁদুর খুব দ্রুত বংশবিস্তার করে। মাত্র ছয় সপ্তাহ বয়সেই তারা প্রজননক্ষম হয় এবং প্রতি তিন সপ্তাহে একাধিক বাচ্চা জন্ম দেয়। ফলে অল্প সময়েই তাদের সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়।

কৃষকদের দীর্ঘদিনের দাবির পর সম্প্রতি আরও শক্তিশালী ইঁদুরনাশক ব্যবহারের অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি শীতল আবহাওয়া ও বৃষ্টিপাতের কারণে ইঁদুরের সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

তবে কৃষকদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে খাদ্য উৎপাদন ও কৃষি অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব আরও বাড়তে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ