Views Bangladesh Logo

২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হবে ‘কালো দিবস’

২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর সংঘটিত হামলা ও নির্যাতনের ঘটনার স্মরণে আগামী ২৩ আগস্ট ‘কালো দিবস’ পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করবেন। পাশাপাশি সকাল ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, ২০০৭ সালে সেনা সমর্থিত তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০ থেকে ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সংঘাত, হামলা ও নির্যাতনের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদ এবং স্মরণে পরবর্তী সময়ে ২৩ আগস্ট ‘কালো দিবস’ হিসেবে পালন করে আসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রতিবছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে। ঘটনার স্মৃতি ধরে রাখা এবং বিশ্ববিদ্যালয় পরিবারের ওপর সংঘটিত ওই ঘটনার প্রতি শ্রদ্ধা ও প্রতিবাদ জানানোই দিবসটির মূল উদ্দেশ্য।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ