Views Bangladesh Logo

আন্দোলনের নামে ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে: বিজেপি মন্ত্রী দিলীপ ঘোষ

ভারতে চলমান ছাত্র আন্দোলন নিয়ে কড়া মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ বিজেপির নেতা দিলীপ ঘোষ। তার দাবি, আন্দোলনের আড়ালে ভারতকে বাংলাদেশ-পাকিস্তানের মতো পরিস্থিতিতে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। তবে অতীতের মতো এবারও সেই চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) কলকাতার রাজারহাট-নিউটাউনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন দিলীপ ঘোষ।

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাব্যবস্থায় দুর্নীতির অভিযোগে দিল্লির যন্তর মন্তরে কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে। শিক্ষা সংস্কার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ‘কাকরোচ জনতা পার্টি’র ব্যানারে এ আন্দোলন অব্যাহত রয়েছে। এ প্রেক্ষাপটে আন্দোলনকারীদের বিদেশি শক্তির ‘পেশাদার পুতুল’ আখ্যা দিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘অনেক চেষ্টা হয়েছে ভারতকে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কা বানানোর। কিন্তু সফল হয়নি, এবারও হবে না।’

তিনি আরও দাবি করেন, কৃষক আন্দোলন, ছাত্র আন্দোলন ও নারী আন্দোলনের পেছনে একই গোষ্ঠী কাজ করছে। তার ভাষায়, ‘যারা কৃষক আন্দোলন করে, তারাই ছাত্র আন্দোলন করে, আবার তারাই নারী আন্দোলন করে।’

বিদেশি শক্তির মদতের অভিযোগ তুলে বিজেপির এই নেতা বলেন, আন্দোলনকারীরা বিদেশি স্বার্থে কাজ করছে এবং দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যথাসময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন বলেও মন্তব্য করেন তিনি।

রাহুল গান্ধী ও কংগ্রেস নেতৃত্বেরও সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, কিছু রাজনৈতিক নেতা বিদেশি শক্তির স্বার্থে বক্তব্য দিচ্ছেন এবং আন্দোলনকে উসকে দিচ্ছেন। তার দাবি, সাধারণ মানুষ এখন এসব বুঝতে পেরেছে এবং আন্দোলনকারীদের প্রতি সমর্থন কমে এসেছে।

এদিকে, সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী শিক্ষা সংস্কার ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত ‘কাকরোচ’ আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে নরেন্দ্র মোদির সরকার।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ