মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির চেষ্টা সফল হবে না: রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে বিভ্রান্ত বা বিকৃত করার কোনো অপচেষ্টাই সফল হবে না।
রোববার (২৬ এপ্রিল) সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, মুক্তিযুদ্ধ এ দেশের তিন লাখ শহীদ এবং দুই লাখ মা-বোনের ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত। তাই রাজনৈতিক উদ্দেশ্যে এ ইতিহাস মুছে ফেলা বা বিকৃত করার কোনো সুযোগ নেই।
তিনি জানান, নতুন গঠিত ১৫১ সদস্যের ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম’ কেন্দ্রীয় কমিটি ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস, আদর্শ ও চেতনা ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য।
বিএনপির এই নেতা আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠবে।
এ সময় তিনি সংগঠনটির কার্যক্রম জেলা ও উপজেলা পর্যায়ে বিস্তৃত করার কথাও জানান, যাতে মুক্তিযুদ্ধের চেতনা আরও শক্তভাবে ছড়িয়ে দেওয়া যায়।
এছাড়া জ্বালানি ও জনস্বাস্থ্য খাত নিয়েও কথা বলেন রিজভী। তিনি নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে কর-সুবিধা দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে প্রতিরোধযোগ্য রোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতি জোরদারেরও দাবি জানান।
অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও নবগঠিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে