Views Bangladesh Logo

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে সাভারের আশুলিয়া থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মামলাটি করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে ক্যাম্পাসের পরিত্যক্ত ফজিলাতুন্নেছা হল এবং আল বেরুনী হলের বর্ধিত অংশের আশপাশে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ৫১তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২১–২২) শিক্ষার্থী। তার বরাতে নিরাপত্তা কর্মকর্তারা জানান, রাত ১১টার কিছু পর তিনি ক্যাম্পাসের একটি সড়কে হাঁটছিলেন। এ সময় এক অজ্ঞাত ব্যক্তি তাকে অনুসরণ করতে শুরু করে এবং পরে পরিত্যক্ত হলের কাছে গলায় জালের মতো কিছু পেঁচিয়ে তাকে ঝোপের দিকে টেনে নিয়ে যায়।

এ সময় কাছ দিয়ে মোটরসাইকেলে কয়েকজন শিক্ষার্থী যাওয়ার সময় চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা ঝোপের পাশে ওই শিক্ষার্থীকে আতঙ্কিত অবস্থায় দেখতে পান।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর ও প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালালেও অভিযুক্তকে আটক করা সম্ভব হয়নি। পরে ভুক্তভোগী শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে প্রাথমিকভাবে শনাক্ত করার দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, ফুটেজে অভিযুক্ত ব্যক্তির মুখ দেখা গেছে। প্রাথমিক ধারণা অনুযায়ী তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ