পল্লবীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ১৭
রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর-১২ এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিলের চেষ্টার অভিযোগে ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় একটি ব্যানার, একটি মাইক্রোবাস ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে মিরপুর-১২ মেট্রোরেলের ১৪০ নম্বর পিলারের পাশের সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির জানান, নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী ষড়যন্ত্র ও প্রচারণার উদ্দেশ্যে সেখানে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।
তিনি বলেন, টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ১৭ জনকে আটক করা হয়। তবে কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে একটি ব্যানার জব্দ করা হয়। এছাড়া একটি ভাড়া করা সাদা রঙের হাইএস মাইক্রোবাস এবং গ্রেপ্তার দুজনের ব্যবহৃত দুটি স্মার্টফোনও জব্দ করেছে পুলিশ।
ওসি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে তাদের আদালতে পাঠানো হবে।
মতামত দিন