সীমান্তের ওপার থেকে শ্রমিকদের উসকে দিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্তের ওপার থেকে রাজনৈতিক উদ্দেশ্যে গার্মেন্টস শ্রমিকদের উসকে দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গার্মেন্টস শ্রমিকেরা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে সরকার মনে করে না। সহিংস আন্দোলনের কোনো কারণ ছিল না। একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে শ্রমিকদের ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
রোববার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শ্রমিক অসন্তোষ নিয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিক। তাঁদের ন্যায্য স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার কাজ করছে। তবে কোনোভাবেই সহিংসতা বা নৈরাজ্য বরদাশত করা হবে না।
গার্মেন্টস মালিকদের আগামীকাল সোমবার থেকে কারখানা চালু রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কারখানার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট থাকবে। যারা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে, তাদের কঠোরভাবে দমন করা হবে।
তিনি আরও বলেন, শ্রমিকদের আবেগকে কাজে লাগিয়ে কেউ যেন রাজনৈতিক উদ্দেশ্যে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং সংসদ সদস্য ও পরিবহন শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস।
মতামত দিন