তিন দিনে রাজধানীর চার এলাকায় হামলা, ভাঙচুর ও লুটপাট
রাজধানীতে মাত্র তিন দিনের ব্যবধানে চারটি পৃথক স্থানে হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় কোথাও অস্ত্রধারীদের হামলা, কোথাও জমি দখলের চেষ্টা, আবার কোথাও ভারী যন্ত্রপাতি দিয়ে স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ শনিবার রাতে কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এর আগে একই দিন সকালে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিংয়ে ৩৫ কাঠা জমি দখলের চেষ্টা, হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। একই সকালে আদাবরের শ্যামলী হাউজিংয়ের একটি আটতলা বাড়িতে অস্ত্রধারীদের হামলা ও দখলচেষ্টার অভিযোগ পাওয়া যায়। এরও আগে বৃহস্পতিবার রাতে শাহ আলীর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের পর ভারী যন্ত্রপাতি দিয়ে স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
সংশ্লিষ্ট বাড়ির বাসিন্দা, জমির মালিকপক্ষ ও প্রতিষ্ঠানসংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, পৃথক এসব ঘটনায় অস্ত্রের প্রদর্শন, ভাঙচুর, লুটপাটের পাশাপাশি দখলের চেষ্টা করা হয়েছে। পরপর এসব ঘটনার কারণে সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৬টার দিকে আদাবরের শ্যামলী হাউজিংয়ের একটি আটতলা বাড়িতে ১৫ থেকে ২০ জনের একটি দল হামলা চালায় বলে অভিযোগ করেছেন বাড়ির বাসিন্দারা। তাঁদের দাবি, হামলাকারীদের কয়েকজনের হাতে রামদা, চাপাতি ও পিস্তল ছিল।
বাসিন্দাদের অভিযোগ, হামলাকারীরা বাড়ির মূল ফটক খুলে সবাইকে বের হয়ে যেতে বলেন এবং টাকা দাবি করেন। পরে চাপাতি ও রামদা দিয়ে বাড়ির গেটে কোপানো হয়। ভাঙচুর করা হয় সিসিটিভি ক্যামেরা ও জানালার কাচ। ইটের টুকরা ছুড়ে দ্বিতীয় তলার আরও দুটি জানালা ক্ষতিগ্রস্ত করা হয়।
বাড়িটির মালিক ব্যবসায়ী আমিনুর রহমান। তার ভাতিজা মনির হোসেনের ভাষ্য, হামলাকারীদের মধ্যে চারজন মূল ফটকের সামনে এগিয়ে আসেন। তাদের দুজনের হাতে চাপাতি এবং একজনের হাতে রামদা ছিল। কিছুটা দূরে পিস্তল হাতে আরও একজন অবস্থান করছিলেন এবং তিনি অন্যদের নির্দেশনা দিচ্ছিলেন বলে দাবি করেন মনির।
তিনি জানান, হামলাকারীরা বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হন। প্রায় পাঁচ মিনিট অবস্থানের পর তারা চলে যান। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানানো হয়। তবে তাঁর দাবি, প্রায় তিন ঘণ্টা পর সকাল পৌনে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে এ ঘটনায় আদাবর থানায় অভিযোগ দেওয়া হয়।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ বাড়িটি পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বাড়িটির দখল নিয়ে এর আগেও বিরোধের ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন মনির হোসেন। তার দাবি, ২০২৪ সালের ১৭ আগস্ট খোরশেদ আলম নামে এক ব্যক্তি বাড়িটি দখল করেছিলেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পরও সমাধান না হওয়ায় তারা আদালতে মামলা করেন। পরে আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বিষয়টি তদন্ত করে।
মনির হোসেন বলেন, গত ১২ মার্চ তাঁরা বাড়িটির দখল ফিরে পান। প্রায় চার মাস তদন্তের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন একটি অভিযোগপত্রও দিয়েছে বলে জানান তিনি। তবে ওই অভিযোগপত্রে কী উল্লেখ করা হয়েছে, তা তাঁরা জানেন না। বর্তমান পরিস্থিতিতে তাঁরা আতঙ্কে আছেন এবং নিরাপত্তার কারণে বাসা থেকে বের হতেও ভয় পাচ্ছেন বলে জানান তিনি।
এদিকে শনিবার সকালে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিংয়ের রোজ ভিলা-সংলগ্ন এলাকায় শতাধিক লোক নিয়ে ৩৫ কাঠা জমি দখলের চেষ্টা, হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। মোহাম্মদপুর বেড়িবাঁধের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্টরা জানান।
একই দিন রাতে ক্যান্টনমেন্ট থানার নিউগ্রিন হাউজিং এলাকায় অস্ত্র নিয়ে হামলার অভিযোগের পর কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের ব্রাউন ফিস স্টুডিওতে হামলা ও ভাঙচুর করা হয়। এতে স্টুডিওটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
ঘটনার পর সালমান মুক্তাদির স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের উদ্দেশে এক ভিডিও বার্তায় দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সালমানের স্টুডিওতে ভাঙচুরের ঘটনা চাঁদাবাজির কারণে নয়; রাজধানীর মানিকদী নামাপাড়া এলাকায় প্রায় ৩৫ কাঠা জমি নিয়ে দুই পক্ষের বিরোধ ও দখল-বেদখলের ঘটনাকে কেন্দ্র করে এ হামলা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে শাহ আলীর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে প্রতিষ্ঠানটির পাকা ও সেমিপাকা স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির অভিযোগ, হামলার সময় কার্যালয়ের বিভিন্ন সামগ্রী ও টিকাদানের উপকরণ লুট করা হয়।
এ ঘটনায় শাহ আলী থানায় মামলা হয়েছে। পুলিশ ইতোমধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পরে লুট হওয়া মালামালের দুই ট্রাক উদ্ধার করার কথাও জানিয়েছে পুলিশ।
মতামত দিন