পল্লবীর বাউনিয়া বাঁধে উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা
রাজধানীর পল্লবী এলাকায় কালশীর বাউনিয়া বাঁধ বস্তিতে সরকারি জমি উদ্ধারের লক্ষ্যে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ থেকে ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাক সরকার।
তিনি বলেন, উচ্ছেদ অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দারা পুলিশের ওপর হামলা চালালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পুলিশ সূত্রে জানা যায়, সরকারি জমি উদ্ধারের জন্য গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানটি চলছিল।
নিরাপত্তার দায়িত্বে ছিল পল্লবী থানা-পুলিশ ও পুলিশের বিশেষ ইউনিট (পিওএম) সদস্যরা। তবে অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধ ও হামলার মুখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহত হন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মতামত দিন