মরক্কো শিবিরে দুঃসংবাদ, ফ্রান্সের বিপক্ষে থাকছেন না সাইবারি
২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না মরক্কোর তারকা ফরোয়ার্ড ইসমাইল সাইবারির। হ্যামস্ট্রিং চোটের কারণে এই গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। বুধবার সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন মরক্কো কোচ মোহামেদ ওয়াহবি।
শেষ ষোলোয় কানাডার বিপক্ষে ম্যাচে মাত্র ২২ মিনিটের মাথায় হ্যামস্ট্রিংয়ের সমস্যা নিয়ে মাঠ ছাড়েন সাইবারি। এরপর থেকে চোটের মাত্রা নির্ণয়ে বেশ কয়েক দফা চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় তাকে। বোস্টনে পৌঁছানোর পর সোমবার এমআরআই পরীক্ষায় দেখা গেছে, চোটের মাত্রা খুব বেশি গুরুতর নয়, যা পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার আশঙ্কা অনেকটাই কমিয়ে দিয়েছে।
সংবাদ সম্মেলনে ওয়াহবি বলেন, সাইবারি ছাড়া দলের বাকি সবাই শতভাগ ফিট। ম্যাচটি তার জন্য একটু বেশি জলদি চলে এসেছে। তবে আমি আশা করছি, বাকি টুর্নামেন্ট থেকে সে ছিটকে যাবে না।
এই বিশ্বকাপে এখন পর্যন্ত দুর্দান্ত ফর্মে ছিলেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। গ্রুপ পর্বে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের প্রথম গোল, স্কটল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোল এবং হাইতির বিপক্ষে সমতাসূচক গোল করেন তিনি। এছাড়া নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ বত্রিশের টাইব্রেকারেও সিদ্ধান্তসূচক পেনাল্টি থেকে গোল করেন সাইবারি। মরক্কোর হয়ে এবারের বিশ্বকাপে এ পর্যন্ত ৩ গোল করেছেন তিনি, যা দলের সর্বোচ্চ।
উল্লেখ্য, গত ১ জুলাই ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেন থেকে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখে যোগ দেন সাইবারি, যে চুক্তির অঙ্ক প্রায় ৫০ মিলিয়ন ইউরো (৫৭ মিলিয়ন ডলার)। এর মাধ্যমে আশরাফ হাকিমির পর তিনি মরক্কোর দ্বিতীয় সর্বোচ্চ মূল্যের ফুটবলারে পরিণত হয়েছেন।
সাইবারির অনুপস্থিতিতে আক্রমণভাগে মরক্কোর মূল ভরসা হতে যাচ্ছেন সুফিয়ান রাহিমি, যিনি কানাডার বিপক্ষে বদলি হিসেবে নেমে একটি গোল করেছিলেন। এছাড়া কানাডা ম্যাচে অনুপস্থিত থাকা সেন্টারব্যাক চাদি রিয়াদও এই ম্যাচের জন্য পুরোপুরি ফিট হয়ে দলে ফিরছেন, যা রক্ষণে কিছুটা স্বস্তি দিচ্ছে মরক্কো শিবিরকে।
বৃহস্পতিবার দিনগত রাত ২টায় বোস্টনের ফক্সবরো স্টেডিয়ামে ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছিল আফ্রিকার দেশটি—সেবারই প্রথম কোনো আফ্রিকান বা আরব দেশ হিসেবে সেমিফাইনালে পৌঁছেছিল তারা। এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার লক্ষ্যেই মাঠে নামবে মরক্কো।
এ প্রসঙ্গে ওয়াহবি বলেন, আমরা ফ্রান্সের সঙ্গে ম্যাচ জিততে চাই, তাই যারা বলছেন এখন বিদায় নিলেও কিছু যায়-আসে না, তাদের কথায় কান দেব না। আমরা সেমিফাইনালে পৌঁছানোর চেষ্টা করব। ইতিমধ্যে ভালো করেছি, বাকিটা বোনাস—এমন মানসিকতা আমি পছন্দ করি না।
মতামত দিন