Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রীভপোর্ট শহরে এক ভয়াবহ বন্দুক হামলায় অন্তত আট শিশু নিহত হয়েছে। নিহত শিশুদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে। স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর পুলিশের ধাওয়ার মুখে পালানোর সময় বন্দুকধারী ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

শ্রীভপোর্ট পুলিশ বিভাগের মুখপাত্র ক্রিস্টোফার বর্ডেলন এক সংবাদ সম্মেলনে জানান, ওই বন্দুকধারী ব্যক্তি তিনটি পৃথক বাড়িতে এই হত্যাকাণ্ড চালান। নিহত শিশুদের মধ্যে বেশ কয়েকজন হামলাকারীর নিজের বংশধর ছিল বলে পুলিশ নিশ্চিত করেছে। এই ঘটনায় অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন, তবে আহতদের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।

পুলিশের তথ্যমতে, স্থানীয় সময় রোববার (১৯ এপ্রিল) সকাল ৬টার ঠিক পরপরই এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে একে ‘পারিবারিক কলহ’ হিসেবে দেখছে কর্তৃপক্ষ। হামলার পর বন্দুকধারী একটি গাড়িতে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পাশ্ববর্তী বসিয়ার প্যারিশ পর্যন্ত ধাওয়া করে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালালে সেখানেই তার মৃত্যু হয়। এ ঘটনাটির তদন্ত করছে লুইজিয়ানা স্টেট পুলিশ।

নিহতদের পরিবারকে অবহিত করার পর বন্দুকধারীর নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ। শ্রীভপোর্টের মেয়র টম আর্সেনো এ ঘটনাকে শহরের ইতিহাসের ‘সবচেয়ে মর্মান্তিক পরিস্থিতি’ হিসেবে বর্ণনা করেছেন।

এদিকে এই ‘হৃদয়বিদারক ট্র্যাজেডি’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন।
একইসঙ্গে তিনি জানান, স্থানীয় পুলিশের সঙ্গে তার দল যোগাযোগ রাখছে। অন্যদিকে, এই ভয়াবহ ঘটনায় গভীর শোক প্রকাশ করে ভুক্তভোগীদের জন্য প্রার্থনা করেছেন লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রিও।

‘গান ভায়োলেন্স আর্কাইভ’-এর তথ্য অনুযায়ী, এই ঘটনা বাদ দিলেও চলতি বছর যুক্তরাষ্ট্রে অন্তত ১১৯টি নির্বিচারে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১১৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৭৯ জনই শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৪৫৮ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ