চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণ, নিহত ৮
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে একটি আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন সামান্য দগ্ধ হয়েছেন।
চীনা নববর্ষের ঠিক আগে রোববার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ডংহাই কাউন্টি সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এক বাসিন্দা দোকানের কাছাকাছি অবস্থানে অসাবধানতাবশত আতশবাজি ফোটানোর ফলে বিস্ফোরণের সূত্রপাত হয়। তবে ঘটনাটি কীভাবে দ্রুত ভয়াবহ আকার ধারণ করে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
চীনে লুনার নিউইয়ার বা চন্দ্র নববর্ষের মধ্যরাতে আতশবাজি ও পটকা ফোটানো একটি দীর্ঘদিনের ঐতিহ্য। তবে বায়ুদূষণ ও নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে সাম্প্রতিক বছরগুলোতে অনেক এলাকায় আতশবাজি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। যদিও গত বছর কিছু স্থানীয় সরকার এ নিষেধাজ্ঞা শিথিল করে।
আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে চীনা নববর্ষ, যা ‘স্প্রিং ফেস্টিভ্যাল’ নামেও পরিচিত। এ বছর চীনা রাশিচক্র অনুযায়ী ‘ঘোড়ার বছর’ শুরু হবে।
রোববারের এই দুর্ঘটনার পর দেশের সব অঞ্চলে আতশবাজির উৎপাদন, পরিবহন, বিক্রয় ও ব্যবহারে কঠোর নজরদারি জোরদারের আহ্বান জানিয়েছে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দোকানের আশপাশে আতশবাজি ও পটকা পরীক্ষা বা ফোটানো কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি স্থানীয় সরকারগুলোকে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে জনগণ নিরাপদ, শুভ ও আনন্দময় স্প্রিং ফেস্টিভ্যাল উদযাপন করতে পারে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে