ইরানে নতুন মার্কিন হামলায় নিহত অন্তত ৫০, আহত পাঁচ শতাধিক
ইরানে গত ২৭ জুনের পর নতুন করে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক মানুষ। শনিবার (১৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কেন্দ্রের প্রধান হোসেইন কেরমানপুর জানান, যুক্তরাষ্ট্রের হামলায় নিহতদের মধ্যে পাঁচজন নারী এবং ১৮ বছরের কম বয়সী দুই শিশু-কিশোর রয়েছে।
তিনি আরও জানান, আহতদের মধ্যে ৩২ জন নারী এবং ১৮ জন শিশু ও কিশোর রয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দুই দেশই একে অপরের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় হামলা ও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।
চলতি বছরের জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের অবসান এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও, এরপরও অঞ্চলজুড়ে সামরিক সংঘাত অব্যাহত রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে শনিবার টানা সপ্তম দিনের মতো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র কুয়েত, জর্ডান, বাহরাইন ও ওমানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। ইরানি হামলায় এসব দেশের তেল ও গ্যাস স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: আনাদোলু
মতামত দিন