Views Bangladesh Logo

ইসলামাবাদে বিস্ফোরণে নিহত ৩১, আহত দেড় শতাধিক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার জুমার নামাজের সময় ইসলামাবাদের তেরলাই এলাকায় শিয়াদের ধর্মীয় সমাবেশস্থল একটি ইমামবাড়ায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে।

ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ বলেন, বিস্ফোরণের ধরন এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফরেনসিক তদন্ত শেষে এটি আত্মঘাতী হামলা নাকি পুঁতে রাখা বোমা ছিল, তা নির্ধারণ করা হবে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে জানান, এটি একটি আত্মঘাতী বোমা হামলা। তার ভাষ্য অনুযায়ী, হামলাকারীকে ইমামবাড়ার গেটে থামানোর চেষ্টা করা হলে সে বিস্ফোরণ ঘটায়।

জেলা প্রশাসনের এক মুখপাত্র জানান, ঘটনাস্থল নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে। আহতদের দ্রুত চিকিৎসা দিতে সহকারী কমিশনারদের বিভিন্ন হাসপাতালে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিস্ফোরণের পর ইসলামাবাদের পলিক্লিনিক, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) এবং সিডিএ হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ