মিশরে জ্বালানিবাহী ট্রাকে ভয়াবহ আগুন, নিহত ৩১
মিশরের রাজধানী কায়রোর একটি ব্যস্ত মহাসড়কে জ্বালানিবাহী ট্রাক উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২১ জন।
বুধবার (২৫ নভেম্বর) কায়রোর আল-ওয়ারাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, জ্বালানিবাহী ট্রাকটি কায়রোর রিং রোডে চলার সময় উল্টে যায়। এরপর এতে আগুন ধরে আশপাশের গাড়িতে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে মহাসড়কের একটি বড় অংশ আগুনে ঢেকে যায়। আগুনে বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, দুর্ঘটনার পর ঘনবসতিপূর্ণ এলাকাটির আকাশে বিশাল অগ্নিগোলক ও কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। আতঙ্কিত চালকেরা গাড়ির হর্ন বাজিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। তবে আগুন আশপাশের আবাসিক ভবনগুলোতে ছড়িয়ে পড়েনি।
মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকাজে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ১৫ জন আহত হওয়ার কথা জানানো হলেও পরবর্তী হালনাগাদ তথ্যে আহতের সংখ্যা ২১ বলে জানিয়েছে রয়টার্স। দুর্ঘটনায় পুড়ে যাওয়া কয়েকজনের মরদেহ শনাক্ত করা সম্ভব না হওয়ায় ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছে দেশটির পাবলিক প্রসিকিউশন। এ ঘটনায় আনুষ্ঠানিক তদন্তও শুরু হয়েছে।
দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরে প্রত্যক্ষদর্শী আবদেল রহমান খলিল এএফপিকে বলেন, ঘটনাস্থলের দৃশ্য ছিল অত্যন্ত আতঙ্কজনক। দুর্ঘটনার কিছুক্ষণ পর সেখানে পৌঁছে তিনি উল্টে যাওয়া জ্বালানিবাহী ট্রাকটিকে দাউ দাউ করে জ্বলতে দেখেন।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আগুনে অন্তত ২৭টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে গাড়ি ও মোটরসাইকেল রয়েছে। দমকলকর্মীরা দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে সড়ক থেকে পুড়ে যাওয়া যানবাহনের ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়া হয় এবং রিং রোডে যান চলাচল আবার চালু করা হয়।
দুর্ঘটনার পর জরুরি চিকিৎসাসেবা জোরদারের নির্দেশ দিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার। তিনি ঘটনাস্থল ও আশপাশের হাসপাতাল পরিদর্শন করেন। অন্যদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি। তদন্তের ফল পাওয়ার পর জ্বালানি ও পেট্রোলিয়াম পণ্য পরিবহনে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির মন্ত্রিসভা।
মিশরে সড়ক দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা নতুন নয়। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণ, সড়কের অবকাঠামোগত সমস্যা এবং ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগ না হওয়াকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হয়। দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রায় ৫ হাজার ৮২৯ জনের মৃত্যু হয়েছে।
এর আগে গত আগস্টে উত্তর মিশরে কৃষিশ্রমিক বহনকারী দুটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন কিশোর ছিলেন।
সূত্র: এএফপি ও রয়টার্স
মতামত দিন