নাইজেরিয়ার মসজিদে সশস্ত্র হামলায় নিহত ২৭ মুসল্লি
নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কাটসিনা রাজ্যে ফজরের নামাজ চলাকালে সশস্ত্র হামলায় অন্তত ২৭ জন মুসল্লি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
স্থানীয় গ্রামপ্রধান এবং স্বাস্থ্যকর্মীরা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। খবর-আল জাজিরা।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে মালুমফাশি এলাকার প্রত্যন্ত উঙ্গুয়ান মানতাউ গ্রামের একটি মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর আকস্মিকভাবে গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। এতে ঘটনাস্থলেই বহু মানুষ নিহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে দীর্ঘদিন ধরেই ভূমি ও পানি নিয়ে কৃষক ও পশুপালকদের মধ্যে সংঘাতসহ নানা কারণে এ ধরনের সহিংসতা হয়ে আসছে। চলতি বছরের জুনে দেশটির মধ্যাঞ্চলে আরেকটি বড় হামলায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন।
কাটসিনা রাজ্যের নিরাপত্তা কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, নতুন করে সহিংসতা এড়াতে সেনা ও পুলিশ সদস্যদের ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে