Views Bangladesh Logo

শ্রীলঙ্কার কারাগারে সংঘর্ষে রক্ষীসহ নিহত অন্তত ২৬

শ্রীলঙ্কার একটি কারাগারে দুই দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে সাতজন রক্ষীসহ অন্তত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক।

রাজধানী কলম্বো থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরের উপকূলীয় শহর নেগোম্বোর একটি কারাগারে রোববার সাজাপ্রাপ্ত ও আটক বন্দিদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। সোমবারও সহিংসতা অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারের ভেতরে মাদক চোরাচালানের তথ্য এক বন্দি ফাঁস করে দেওয়ায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত। রোববার বন্দিরা কারাগারের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয়। সেদিনই দুজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হন। এরপর সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যা পরদিনও চলতে থাকে।

একপর্যায়ে কারাবন্দি বেশ কয়েকজন পুরুষ এবং পাশের ইউনিটে থাকা নারীরা মুক্তির দাবিতে কারাগারের ছাদে উঠে পড়েন। সোমবার বন্দিরা কারাগারের প্রধান ফটকের দিকে ধেয়ে যাওয়ার চেষ্টা করলে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয় এবং কারাগারের ভেতর থেকে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায়। পুলিশের বরাতে বিবিসি জানিয়েছে, সংঘর্ষ চলাকালে কারাগারের ছাদের একটি অংশ ধসে পড়ে। এ সময় কয়েকজন নারী বন্দি আহত হন।

আহত ব্যক্তিদের কয়েকজনকে নেগোম্বো হাসপাতালে নেওয়া হয়েছে। এএফপির বরাতে বিবিসি বলেছে, আহতদের কারও শরীরে গুলির ক্ষত রয়েছে, কেউ এসেছেন কাটা ক্ষত ও মারাত্মক জখম নিয়ে। বাকিদের কলম্বো ন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সোমবার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে কারাগারের বাইরে বন্দিদের স্বজনদের বিশাল ভিড় জমে। কয়েকজন বিবিসি সিনহলাকে বলেন, তাদের স্বজনেরা কোথায় আছেন, বেঁচে আছেন নাকি মারা গেছেন—সে বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো তথ্যই দেওয়া হচ্ছে না।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কারাগারের ভেতরের এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিতে অভিযান শুরু করেছে পুলিশ। পুলিশের অনুরোধে সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে। কারা কমিশনারের মুখপাত্র এসি গাজানায়েকে বলেছেন, বন্দিদের অন্য কারাগারে স্থানান্তরের পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে দেশটির বিচার ও কারাগারবিষয়ক মন্ত্রী হর্ষনা নানায়াক্কারা পুরো ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন।

শ্রীলঙ্কার ধারণক্ষমতার অতিরিক্ত বন্দিতে ঠাসা কারাগারগুলোতে মাঝেমধ্যেই সহিংস ঘটনা ঘটে। তবে রবি ও সোমবারের এই সংঘর্ষ গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। এর আগে ২০২০ সালের ডিসেম্বরে অন্য একটি কারাগারে সহিংসতায় ১১ জন নিহত ও ১১৭ জন আহত হয়েছিলেন। গত রোববার পর্যন্ত শ্রীলঙ্কার কারাগারগুলোতে মোট ৪১ হাজার ২৫০ জন বন্দি ছিলেন, যা ধারণক্ষমতার প্রায় চার গুণ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ