হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক হামলা: নিহত ২৪, আহত ৯৪
যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবের ছুটিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় অন্তত ২৪ জন নিহত এবং ৯৪ জন আহত হয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। টেক্সাস, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, আলাবামা, ইলিনয়সহ একাধিক অঙ্গরাজ্যে নৈশক্লাব, পার্টি, বাণিজ্যিক এলাকা ও বিশ্ববিদ্যালয়সংলগ্ন স্থানে এসব হামলা হয়।
গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত উৎসবের আয়োজন ও জনসমাগমকে কেন্দ্র করে সংঘটিত এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে গভীর রাতে বিনোদনকেন্দ্র ও পার্টিতে গোলাগুলির ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ে। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের হিসাবে মোট হতাহতের সংখ্যা ও কয়েকটি ঘটনার বিবরণে পার্থক্য রয়েছে।
টেক্সাসের ডালাসের বিনোদন ও নৈশজীবনের জন্য পরিচিত ডিপ এলাম এলাকায় সবচেয়ে প্রাণঘাতী ঘটনাগুলো ঘটে। ১ নভেম্বর দিবাগত রাতে প্রায় ৭৫ মিনিটের ব্যবধানে সেখানে তিন দফা বন্দুক হামলা চালানো হয়। এতে চারজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হন। ডালাস পুলিশের প্রধান ড্যানিয়েল কোমো জানান, উৎসব উপলক্ষে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। তারপরও এ ধরনের প্রাণঘাতী ঘটনা ঘটাকে তিনি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। প্রাথমিক তদন্তে হামলাগুলোর মধ্যে কোনো যোগসূত্র পাওয়া যায়নি।
ফ্লোরিডার জ্যাকসনভিলেও দুটি পৃথক পার্টিতে গোলাগুলির ঘটনা ঘটে। প্রথম হামলাটি হয় স্থানীয় সময় রাত ১টা ৪৫ মিনিটের দিকে। একটি হ্যালোইন অনুষ্ঠানে প্রবেশের অপেক্ষায় থাকা ১৭ বছর বয়সী এক কিশোরী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় আরও দুজন আহত হন। পরে একটি বাড়িতে আয়োজিত পার্টি থেকে শতাধিক অতিথি রাস্তায় বেরিয়ে এলে সেখানে আবারও গুলি চালানো হয়। এতে ২০ বছর বয়সী এক তরুণ নিহত এবং আরও নয়জন আহত হন। দুই ঘটনায় মোট ১৩ জন গুলিবিদ্ধ হন বলে পুলিশ জানিয়েছে।
আলাবামার বার্মিংহামে লেজিয়ন ফিল্ড স্টেডিয়ামের বাইরে বন্দুক হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। বার্ষিক ম্যাজিক সিটি ক্ল্যাসিক ফুটবল ম্যাচ শেষে বিপুলসংখ্যক দর্শক ও উৎসবপ্রেমী মানুষের উপস্থিতির মধ্যে এ ঘটনা ঘটে। প্রায় ৭০ হাজার দর্শক ওই ম্যাচ দেখতে এসেছিলেন। হামলার ঘটনায় ১৭ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়।
ইলিনয় অঙ্গরাজ্যের ব্লুমিংটনে ইলিনয় ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়ের কাছেও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ১৯ বছর বয়সী এক তরুণী নিহত হন এবং আরও সাতজন আহত হন। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। একই সময়ে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ব্লুমিংটনে ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি একটি জনসমাগমস্থলে গুলির ঘটনায় সাতজন আহত হন। হ্যালোইন উৎসবের পাশাপাশি সেখানে বিশ্ববিদ্যালয়ের হোমকামিং অনুষ্ঠান চলছিল। পালানোর সময় আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করে পুলিশ। তবে ওই ব্যক্তি গুলি চালিয়েছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
ক্যালিফোর্নিয়ার ফেয়ারফিল্ডে একটি হ্যালোইন পোশাকের দোকানে হামলায় চার সন্তানের জননী ৩১ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা নারী নিহত হন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। মিসিসিপির জ্যাকসন শহরের একটি নৈশক্লাবে গোলাগুলিতে দুজন নিহত ও চারজন আহত হন। এ ছাড়া মিশিগানের ডেট্রয়েটে বাড়িতে খেলার সময় পাঁচ বছর বয়সী এক শিশু বুকে গুলিবিদ্ধ হয়। হ্যালোইনের রাতে বাড়ি বাড়ি ঘুরে মিষ্টি সংগ্রহ শেষে শিশুটি নিজের ঘরে খেলছিল। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তার অবস্থা স্থিতিশীল বলে জানান।
এ ছাড়া ডেলাওয়্যারের নিউয়ার্কে ইউনিভার্সিটি অব ডেলাওয়্যারের কাছাকাছি এলাকায় ছয়জন গুলিবিদ্ধ হন। একই অঙ্গরাজ্যের এলেনডেলে একটি পার্টিতে গুলির ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরী নিহত হন। টেক্সাসের এডিনবার্গে জন্মদিনের অনুষ্ঠানে সাতজন এবং আরকানসাসের ফায়েটভিলে একটি গোলাগুলির ঘটনায় ছয়জন আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রে হ্যালোইনসহ বিভিন্ন উৎসবের সময় জনসমাগম, রাতের পার্টি এবং বিনোদনকেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অপরাধ বিশ্লেষকদের মতে, বড় জমায়েত, মদ্যপান এবং সহজে আগ্নেয়াস্ত্র পাওয়ার সুযোগ এ ধরনের সহিংসতার ঝুঁকি বাড়াতে পারে। তবে প্রতিটি অনুষ্ঠানস্থল ও জনসমাগমের জায়গায় পুলিশের সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত করা বাস্তবে কঠিন।
মতামত দিন