Views Bangladesh Logo

থাই-কম্বোডিয়ান সেনাদের সীমান্ত সংঘর্ষে নিহত ২ বেসামরিক নাগরিক

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাবাহিনীর মধ্যে সীমান্ত সংঘর্ষে অন্তত দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দুই দেশের বিতর্কিত সীমান্ত অঞ্চলে বুধবার (২৪ জুলাই) সংঘর্ষ শুরু হয়। থাই সেনাবাহিনীর বরাত দিয়ে খবর দিয়েছে আল জাজিরা।

থাই সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তে মোতায়েনকৃত ছয়টি এফ-১৬ যুদ্ধবিমানের একটি ব্যবহার করে তারা কম্বোডিয়ান সামরিক অবস্থানে বিমান হামলা চালিয়েছে।

থাই সেনাবাহিনীর উপ-মুখপাত্র রিচা সুকসুয়ানন বলেন, ‘আমরা পরিকল্পনা অনুযায়ী সামরিক লক্ষ্যবস্তুর ওপর বিমান হামলা চালিয়েছি।’

তবে সংঘর্ষের জন্য দুই দেশই একে অপরকে দায়ী করছে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থাই হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।

সংঘর্ষের আগে ২৩ জুলাই থাইল্যান্ড কম্বোডিয়ায় নিযুক্ত তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয় এবং কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। থাইল্যান্ডের অভিযোগ, সীমান্ত এলাকায় পাতা মাইন বিস্ফোরণে তাদের এক সেনা পা হারান, যা সম্প্রতি কম্বোডিয়ান বাহিনী স্থাপন করেছিল।

সীমান্তবর্তী থাইল্যান্ডের সুরিন প্রদেশে গোলাগুলির কারণে স্থানীয় বাসিন্দারা নিরাপদ স্থানে সরে যাচ্ছেন। এক নারী বলেন, ‘কত রাউন্ড গুলি ছোড়া হয়েছে, তা গুনে বলা সম্ভব না।’

উল্লেখ্য, থাইল্যান্ড ও কম্বোডিয়া দীর্ঘদিন ধরে তাদের ৮১৭ কিলোমিটার সীমান্তের নির্দিষ্ট কিছু অংশ নিয়ে বিরোধে লিপ্ত। ২০১১ সালেও এক সপ্তাহব্যাপী সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছিল।

চলতি বছরের মে মাসে এক কম্বোডিয়ান সেনার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দেয়, যা এখন কূটনৈতিক উত্তেজনা পেরিয়ে সশস্ত্র সংঘর্ষে রূপ নিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ