Views Bangladesh Logo

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত অন্তত ১৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত জেলায় একটি মসজিদে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক মানুষ এবং পাঁচজন পুলিশ সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পেশোয়ার পুলিশ। কোহাত জেলার পুলিশ সদরদপ্তরের কাছে অবস্থিত একটি মসজিদকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, হামলাকারীরা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি মসজিদের গেটে ধাক্কা দেয়। এরপর গাড়িটিতে বিস্ফোরণ ঘটানো হয়। ওই সময় জুমার নামাজের জন্য মসজিদে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিস্ফোরণের পর হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলি শুরু হয়। এ সময় পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত হয়েছেন বলে জানা গেছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের ঘটনায় মসজিদটির আশপাশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। ডিপিএ জানিয়েছে, একটি হাসপাতালে ১৫টি মরদেহ নেওয়া হয়েছে এবং প্রায় ৫০ জন আহতকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় হাসপাতালের চিকিৎসক তাহির শাহ জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সক্রিয়তা রয়েছে। গোষ্ঠীটি অতীতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং মসজিদেও বোমা হামলার ঘটনা ঘটিয়েছে।

সূত্র: বিবিসি, আলজাজিরা

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ